মেয়র পদে প্রার্থীতা ঘোষণা নীলা ইস্রাফিলের

সংগৃহীত ছবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী নীলা ইস্রাফিল।
মঙ্গলবার রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি সংবলিত পোস্টার শেয়ার করে এ ঘোষণা দিয়েছেন তিনি।
পোস্টে নীলা ইস্রাফিল উল্লেখ করেন, সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় তিনি এই নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন তিনি।
একই রাতে করা অন্য একটি পোস্টে তিনি ভোটারদের উদ্দেশে প্রশ্ন তোলেন, কাকে ভোট দিতে চান তারা। আরেকটি পোস্টে তিনি দাবি করেছেন, শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ ও উন্নত নগর হিসেবে গড়ে তুলবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে। পাশাপাশি নগরীকে ‘রাজাকারমুক্ত’ রাখার অঙ্গীকারও করেছেন তিনি।
নীলা ইস্রাফিল সাবেক অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের সাবেক স্ত্রী। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে রাজপথে সক্রিয় ছিলেন তিনি। ৫ আগস্টের পর অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের গড়া রাজনৈতিক দল এনসিপিতে যোগ দেন তিনি। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন পরবর্তী সময়ে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক শ্বশুর হাসান আরিফ ও এনসিপি নেতা সারোয়ার তুষারকে নিয়ে পোস্ট দিয়ে আলোচনায় আসেন নীলা। গত বছরের ২৮ জুলাই দল থেকে পদত্যাগ করেন তিনি।



