রাকসু জিএসের বক্তব্য ‘বানোয়াট’, দাবি ভিপি জাহিদের

মোস্তাকুর রহমান জাহিদ ও সালাহ উদ্দীন আম্মার
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জেনারেল সেক্রেটারি সালাউদ্দিন আম্মারের সাম্প্রতিক বক্তব্যকে ‘বানোয়াট ও মনগড়া’ দাবি করেছেন সহ-সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ।
শনিবার রাত পৌনে ১১টার দিকে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন তিনি ।
ভিপি জাহিদের ভাষ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বরাতে জিএসের যে বক্তব্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, তাতে আনা কয়েকটি অভিযোগ বাস্তবতার সঙ্গে মিল নেই।
প্রথম অভিযোগ প্রসঙ্গে উল্লেখ করেছেন তিনি, শিবির প্যানেলের বাইরে তিনজনের মতামত গ্রহণযোগ্য হয় না এমন দাবি ‘আশ্চর্যজনক’। তার দাবি, জিএস বা অন্য কারও কোনো অ্যাজেন্ডা মতামতের ভিত্তিতে বাতিল হওয়ার নজির নেই। বরং জিএসের ইশতেহার বাস্তবায়নেও করা হয়েছে সহযোগিতা।
দ্বিতীয় অভিযোগ নিয়ে ভিপি জাহিদ মন্তব্য করেছেন, প্রোগ্রাম আয়োজন ও অতিথি নির্বাচন ভিপির নিয়ন্ত্রণে হয় এমন বক্তব্য ভিত্তিহীন। তিনি জানিয়েছেন, রাকসুর সভাপতি ও ভিপি-জিএসের উপস্থিতিতে প্রস্তাব অনুমোদন করান সম্পাদকরা। পরে অনুষ্ঠান আয়োজন করেন সংশ্লিষ্ট সম্পাদকরা এবং ভিপি ও জিএসকে অতিথি বা আলোচক হিসেবে আমন্ত্রণ জানানো হয়।
তৃতীয় অভিযোগের বিষয়ে তার দাবি, বিতর্ক ও সাহিত্যবিষয়ক বিভাগের গণভোট বিষয়ক সেমিনারে অনুপস্থিতির বিষয়ে জিএসের বক্তব্য সঠিক নয়। তার ভাষ্য, ব্যক্তিগত কারণ দেখিয়ে আগেই ছুটি নিয়েছিলেন রাকসু জিএস। পরে গণমাধ্যমে দিয়েছেন ভিন্ন বক্তব্য, যা দায়িত্বশীল আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ভিপি জাহিদ আরও অভিযোগ করেছেন, আগেও এ ধরনের বক্তব্য দিয়েছেন সালাউদ্দিন আম্মার, তবে তখন তিনি জবাব দেননি। বর্তমানে জিএস ‘ভুলভাল ও অপতথ্য’ প্রচার করছেন বলেও তিনি মন্তব্য করেন।
পোস্টে ভিপি দাবি করেছেন, জিএস যদি গণমাধ্যমে বক্তব্য দেওয়ার পরিবর্তে রাকসুর কার্যক্রমে বেশি মনোযোগ দিতেন, তাহলে আরও সহজ হতো সম্পাদকদের কাজ ।



