কম্পাউন্ড এককে টিকে আছেন ঐশ্বর্য্য

সংগৃহীত ছবি
হিমু বাছাড়কে ঘিড়েই ছিল বড় স্বপ্ন। চিনের সাংহাইয়ে মঙ্গলবার শুরু হওয়া আর্চারি বিশ্বকাপে অবশ্য হিমু পারেননি আস্থার প্রতিদান দিতে। কম্পাউন্ড এককের সেরা ২৪-এ পৌঁছানোর লড়াইয়ে ডেনমার্কের নিকোলাস ব্রিডালের কাছে টাইব্রেকারে হেরে গেছেন।
তিন বাংলাদেশীর মধ্যে সেরা স্কোর গড়ে এলিমিনেশন রাউন্ডে আসা হিমুর পাশাপাশি বিদায় নিয়েছেন নেওয়াজ আহমেদ রাকিবও। তিনি হার মানেন কাজাখস্তানের বুনোদ মির্জামেতোভের কাছে।
তবে দুই সতীর্থদের বিদায়ের দিনে ঠিকই জয় পেয়েছেন ঐশ্বর্য্য রহমান। তিনি সেরা ২৪-এ পৌঁছে গেছেন মেক্সিকোর হুয়ান কার্লোস দেল রিও গুতেজেরকে ১৪৫-১৪৪ পয়েন্টে হারিয়ে।
মেয়েদের কম্পাউন্ড এককে বাই পেয়ে সেরা ২৪-এ পৌঁছেছেন বন্যা আক্তার। কোয়ালিফিকেশন রাউন্ডে তিনি ৬৮৩ স্কোরে হয়েছিলেন ৪৩তম।
অন্যদিকে অপর আর্চার তানিয়া রিমা ১৩৯-১৩৪ পয়েন্টে হংকং চায়নার টিং চেংকে হারিয়ে বন্যার সঙ্গী হয়েছেন। পুস্পিতা জামান অবশ্য সিঙ্গাপুরের প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নেন।
কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশের হয়ে অংশ নেন হিমু বাছাড় ও বন্যা আক্তার জুটি। ২৪ দলের মধ্যে তারা হন ১৮তম। বুধবার, ৬ মে কম্পাউন্ডের একক ও দলগত রাউন্ডের খেলাগুলো চলবে।



