পাকিস্তান অধিনায়ক
আমরা ‘প্রতিশোধ’ শব্দটি ব্যবহার করি না

মিরপুরে সংবাদ সম্মেলনে পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ। ছবি: আগামীর সময়
দুই বছর আগে পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে এসেছেন শান মাসুদরা। তাই বারবারই ঘুরেফিরে আসছে দুই বছর আগে রাওয়ালপিন্ডিতে হওয়া টেস্ট সিরিজটি। শান মাসুদরা কি এবার বাংলাদেশকে ঘরের মাঠে হারিয়ে সেই লজ্জার প্রতিশোধ নিতে চাইবেন?
আজ বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ অবশ্য ‘প্রতিশোধ’ শব্দটার সাথে একমত হলেন না। তিনি বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে প্রতিশোধ শব্দটি ব্যবহার করি না। ২০২৪ সালে বাংলাদেশ দল যেভাবে প্রস্তুতি নিয়েছিল এবং খেলেছে, সেজন্য তাদের কৃতিত্ব দিতেই হবে। এমনকি যখন আমরা সুবিধাজনক অবস্থানে ছিলাম; তাদের ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল, তখনো তারা লড়াই করে টেস্ট ম্যাচ জয়ের দক্ষতা ও সক্ষমতা দেখিয়েছে।’
এখন পর্যন্ত হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি চক্রের কোনোটিতেই পয়েন্ট তালিকায় পাঁচের ওপরে উঠতে পারেনি পাকিস্তান। গত চক্রও তারা শেষ করেছিল সবার নিচে থেকে। অথচ, গতকাল সংবাদ সম্মেলনে পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি বলেছিলেন, তারা শুধু বাংলাদেশ সিরিজ নিয়ে ভাবছেন না। কারণ, তারা খেলতে চান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। শান মাসুদ অবশ্য এতদূরে ভাবছেন না।
এ বিষয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে থাকা ও পরিস্থিতিটাকে সম্মান করা। আমরা বাংলাদেশের বিপক্ষে খেলছি, যা একই সঙ্গে চ্যালেঞ্জেরও এবং সুযোগও। আমরা এখান থেকে খুব দূরে তাকাতে পারি না, ধাপে ধাপে যেতে হবে। সব দলই ফাইনালের স্বপ্ন দেখে, ট্রফি জেতারও, কিন্তু এই মুহূর্তে আমাদের পুরো নজরটাই বাংলাদেশ সিরিজে।’





