জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ
৪৯ বছর পর চ্যাম্পিয়ন কুমিল্লা

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে কুমিল্লা। ছবি: বিসিবি
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল ১৯৭৪ সালে। প্রথমবারেই বরিশালকে হারিয়ে শিরোপা জেতে কুমিল্লা। পরেরবার তারা হারে ফাইনালে। তবে ১৯৭৬-৭৭ মৌসুমে পুনরুদ্ধার করে শিরোপা। এরপর যেন হারিয়েই যায় কুমিল্লা।
অবশেষে অপেক্ষা ফুরালো ক্রিকেট ঐতিহ্যবাহী এই জেলার। ৪৯ বছর পর জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল তারা। রবিবার বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ঢাকাকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন তারা।
সবশেষ ১৯৭৬-৭৭ মৌসুমের ফাইনালেও কুমিল্লা হারিয়েছিল ঢাকাকে। গতবার অবশ্য শিরোপা জয়ের সুবাস পাচ্ছিল তারা। তবে ফাইনালে হেরে যায় কিশোরগঞ্জের কাছে। রবিবার ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে আর হতাশ হতে হয়নি তাদের।
বিকেএসপিতে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ঢাকা জেলাকে ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ৩৯ রানে হারায় তারা। এবার অংশ নিয়েছিল ৬৪টি জেলা দলই।
কুমিল্লা চ্যাম্পিয়ন হলেও ২৬২ রানের পাশাপাশি ৫ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন ঢাকা জেলার আহরার আমিন। আর ৭৬ বলে ৮৭ করে ফাইনালের সেরা হয়েছেন কুমিল্লার শাহ পরান সোহেল।



