পন্টিংয়ের বিস্ফোরক মন্তব্য
‘ভাইরাস’ আক্রান্ত পাঞ্জাব কিংস

যুজবেন্দ্র চাহালের বোলিংয়ে অন্তত তিনটি সহজ সুযোগ নষ্ট করেন পাঞ্জাবের ফিল্ডাররা।
একের পর এক ক্যাচ উঠছিল, আর সেগুলো টপাটপ ফেলছিলেন পাঞ্জাব কিংসের ফিল্ডাররা! গতকাল বুধবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৩৩ রানে হারের ম্যাচে দেখা গেছে এ দৃশ্য। টুর্নামেন্টের শুরু থেকে টানা সাত ম্যাচ অপরাজিত দলটি এ নিয়ে টানা তিন ম্যাচ হারল। তবে হারের ব্যবধানের চেয়ে পাঞ্জাবের ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া নিয়েই এখন তোলপাড় চলছে।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে হাইনরিখ ক্লাসেনের ৪৩ বলে ৬৯ এবং ইশান কিশানের ৩২ বলে ৫৫ রানে ২৩৫ রানের পাহাড় গড়ে হায়দরাবাদ। লক্ষ্য তাড়া করতে নেমে কুপার কনোলির অনবদ্য সেঞ্চুরি (৫৯ বলে অপরাজিত ১০৭) সত্ত্বেও ২০২ রানে থামে পাঞ্জাবের ইনিংস। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে প্যাট কামিন্সের হায়দরাবাদ।
ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেল জিও-স্টারকে দেওয়া সাক্ষাৎকারে রিকি পন্টিং তার দলের ফিল্ডিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘ক্যাচ মিস করাটা আমাদের জন্য অনেকটা ভাইরাসের মতো হয়ে দাঁড়িয়েছে। এই মৌসুমে আমরা প্রচুর ক্যাচ ফেলেছি। ছেলেরা অনুশীলনে অনেক কঠোর পরিশ্রম করছে, কিন্তু ম্যাচে তার প্রতিফলন নেই। আমি কোনো অজুহাত দেব না। যখন এমন সহজ ক্যাচ আসে, তখন সেটি লুফে নিতেই হবে।’
বিশেষ করে অভিজ্ঞ স্পিনার যুজবেন্দ্র চাহালের বলে শশাঙ্ক সিং ও লকি ফার্গুসন সহজ ক্যাচ মিস করায় হতভম্ব হয়ে পড়েন পন্টিং। তিনি আরও যোগ করেন, ‘শশাঙ্ক হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ফিরতে অনেক পরিশ্রম করেছে। আমরা গত ৫-৬ দিন ওকে দিয়ে প্রচুর ক্যাচ প্র্যাকটিস করিয়েছি, কিন্তু আজ ও মিস করে বসল।’
পাঞ্জাবের ফিল্ডিং কতটা ভয়াবহ ছিল, তা বোঝা যায় চাহালের স্পেলের দিকে তাকালে। উইকেট থেকে সাহায্য না থাকলেও ৪ ওভারে মাত্র ৩২ রান দিয়ে ১ উইকেট নেন চাহাল। তবে তার বোলিংয়েই অন্তত তিনটি সহজ সুযোগ নষ্ট করেন ফিল্ডাররা। কিশান ও ক্লাসেন— দুজনেই জীবন পেয়ে বড় ইনিংস খেলেন। এমনকি উইকেটের পেছনে প্রভসিমরান সিং একটি সহজ স্টাম্পিংয়ের সুযোগও হাত ছাড়া করেন।
হায়দরাবাদের ব্যাটাররা এদিন মাঠ জুড়ে চার-ছক্কার বৃষ্টি বইয়ে দিয়েছেন। পুরো ইনিংসে ১৭টি ছক্কা মেরেছেন তারা। ট্রাভিস হেড ও অভিষেক শর্মার বিধ্বংসী শুরুর পর ক্লাসেন ও কিশান মিলে পাঞ্জাবকে ম্যাচ থেকে ছিটকে দেন। এ নিয়ে হায়দরাবাদের মাটিতে টানা ৯টি ম্যাচে হারল পাঞ্জাব। ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ এখন প্লে-অফের দোরগোড়ায়। অন্যদিকে টানা তিন হার পাঞ্জাব কিংসের জন্য বড় ধাক্কা হয়েই এলো।





