দুই বড় দেশের ভেটোতে চাকরি হচ্ছে না বুলবুলের

দুই বড় দেশের কারণে এসিসিতে ফিরতে পারছেন না বুলবুল। ছবি: সংগৃহীত
বিসিবি অধ্যায়টা শেষ হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। জাতীয় ক্রীড়া পরিষদ তার নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়েছে। এ নিয়ে আইসিসিতে নালিশ জানিয়েও লাভ হয়নি বুলবুলের। তাই আবারও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চাকরিতে ফিরতে চেয়েছিলেন তিনি। তবে একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন, দুটি বড় দেশের ভেটোতে চাকরিটা হচ্ছে না তার।
দেশ দুটির নাম না নিলেও বুলবুল বলেছেন,‘ একটা বড় চাকরির সুযোগ এসেছিল এসসিসিতে। কিন্তু দুটো বড় বড় দেশ সেখানে ভেটো দিয়েছে। সেটা আর হয়তো হবে না। আমি এখন আপাতত হয়তো একটা গবেষণা দলে কাজ করব। হায়ার কনশাসনেস নিয়ে, মাইন্ডফুলনেস ইন ক্রিকেট নিয়ে গবেষণায় ঢুকব।’
২০ বছর এসিসি ও আইসিসির বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন বুলবুল। সেই প্রিয় ক্ষেত্রে হয়তো ফেরা হবে না এখনই। তাই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানালেন,‘ ‘অনেক তো কাজ করলাম, দেখি না এখন আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু লিখেছে। আমি রিজিকের ওপর ভরসা রাখি। গবেষণা করব, বই লিখব, সেখানে হয়তো এই অধ্যায়টাও বড় করে থাকবে। ক্রিকেটের জন্য যাঁদের ডিপ্রাইভ করেছি এত দিন, সেই পরিবারের কাছে ফিরে যাব।’
নিরাপত্তার শঙ্কার কারণে বাংলাদেশ এ বছর টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি। তবে বিশ্বকাপ না খেলায় দায় নিতে রাজি নন বুলবুল, ‘এখন যদি বাংলাদেশে একটা ভূমিকম্প হয়ে যায়, সেটা কি তারেক রহমানের ব্যর্থতা হবে? টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেলা ছিল সরকারের সিদ্ধান্ত, তা–ও নিরাপত্তার কারণে।’
বিশ্বকাপ খেলা নিয়ে নিজের চেষ্টার কথা জানাতে তিনি বলেছেন,‘শুধু লড়াই–ই করিনি, রীতিমতো যুদ্ধ করেছি। কিন্তু এটা তো আমি মানুষকে দেখিয়ে করব না। আসিফ নজরুল (তৎকালীন ক্রীড়া উপদেষ্টা) সাহেবদের সঙ্গে যেদিন বৈঠক হয়, ক্রিকেট বোর্ডের ঢাকায় থাকা ১৪–১৫ জন পরিচালক কিন্তু সিদ্ধান্ত দিয়ে এসেছিলেন। আমাদের যুদ্ধ কিন্তু সহজ ছিল—কেন মোস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়া হবে না, এটা ছিল নিরাপত্তা শঙ্কার কারণ।’



