পাকিস্তানকে হোয়াইটওয়াশের চিন্তা করেন না নাজমুল

বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: আগামীর সময়
বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে নিজেদের মাটিতেই হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। এবার তারা দুই ম্যাচের সিরিজ খেলতে এসেছে বাংলাদেশে। আগামীকাল শুক্রবার থেকে মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। পরিসংখ্যান, কন্ডিশন এবং আত্মবিশ্বাসের দিক দিয়ে বাংলাদেশই এগিয়ে থাকবে। তবু প্রতিপক্ষের প্রতি বিনয়ী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ বৃহস্পতিবার মিরপুরে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্তকে প্রশ্ন করা হয়- প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার কোনো পরিকল্পনা আছে কিনা? জবাবে শান্ত বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে হোয়াইটওয়াশ বা এই ধরনের বড় শব্দ নিয়ে চিন্তা করি না। আমার লক্ষ্য হলো পাঁচ দিনের প্রতিটি সেশনে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা এবং সঠিক প্রক্রিয়া অনুসরণ করা। প্রসেস ঠিক থাকলে ফলাফল ইতিবাচক হবে।’ বাংলাদেশ লাল বলের ক্রিকেট খেলতে নামছে প্রায় ছয় মাস পর। এর মধ্যে সাদা বলে অনেক সিরিজ খেলেছে টাইগাররা। দীর্ঘ সময় পর টেস্ট ক্রিকেটে ফেরার চ্যালেঞ্জ নিয়ে শান্ত বলেন, ‘দীর্ঘ বিরতির পর খেলা অবশ্যই কঠিন, তবে আমাদের খেলোয়াড়রা পেশাদার এবং তারা মানসিকভাবে প্রস্তুত। যারা শুধু একটি ফরম্যাট খেলে, তাদের জন্য পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং। তবে আমরা অনুশীলনে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে দলের বাস্তবসম্মত লক্ষ্য নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘গত চক্রে আমরা সপ্তম স্থানে শেষ করেছি, যা একটি ভালো অর্জন ছিল। এবার আমাদের লক্ষ্য থাকবে পয়েন্ট টেবিলের চার বা পাঁচ নম্বর অবস্থানে শেষ করা। সামনে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো কঠিন সফর রয়েছে, তাই ঘরের মাঠের সিরিজগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’




