ড্রেসিংরুমে ধূমপান করায় রাজস্থান অধিনায়কের শাস্তি

ড্রেসিংরুমে বসে রিয়ান পরাগের ভ্যাপিংয়ের দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়
মাঠের পারফরম্যান্সের বদলে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচনায় রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগ। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে ভ্যাপিং (ই-সিগারেট) করার অপরাধে তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
গত মঙ্গলবার মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে রাজস্থানের রান তাড়া করার সময় টিভি ক্যামেরায় রিয়ানকে ই-সিগারেট টানতে দেখা যায়। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, রিয়ান পরাগ আইপিএলের আচরণবিধির ২.২১ ধারা লঙ্ঘন করেছেন, যা ‘খেলার মর্যাদা হানি’র শামিল।
বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়ান পরাগ আইপিএলের লেভেল-১ পর্যায়ের অপরাধ করেছেন। এ কারণে তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।’ রিয়ান পরাগ নিজের দোষ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারি অমিত শর্মার দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। তবে বিসিসিআই ইঙ্গিত দিয়েছে, আইপিএলের ভাবমূর্তি রক্ষায় রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। উল্লেখ্য, ২০১৯ সাল থেকেই ভারতে ই-সিগারেট উৎপাদন, বিক্রি এবং ব্যবহার নিষিদ্ধ। ভারতের আইন অনুযায়ী, এই অপরাধে প্রথমবার দোষী সাব্যস্ত হলে এক বছরের কারাদণ্ড বা ১ লাখ রুপি পর্যন্ত জরিমানা হতে পারে। ড্রেসিংরুমের মতো জায়গায় এমন নিষিদ্ধ কাজ করে রিয়ান শুধু ক্রিকেটীয় নিয়মই নয়, বরং দেশের আইনও লঙ্ঘন করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চলতি মৌসুমে রাজস্থান রয়্যালসকে ঘিরে এটিই প্রথম বিতর্ক নয়। এর আগে ডাগ আউটে বসে ফোন ব্যবহারের অপরাধে দলের ম্যানেজার রোমি ভিন্দারকে ১ লাখ রুপি জরিমানা করা হয়েছিল। আইপিএলের একজন কর্মকর্তা এ ঘটনাকে ‘অসাবধানতা’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘সোশ্যাল মিডিয়া এবং চারদিকে শত শত ক্যামেরার এই যুগে একজন অধিনায়কের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়।’





