প্রথম পাকিস্তানি হিসেবে বাবর আজমের ফিফটির সেঞ্চুরি

শততম ফিফটির পর বাবর আজমের উদযাপন।
খারাপ সময় পেছনে ফেলে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট হাতে দাপট দেখিয়ে যাচ্ছেন বাবর আজম। এবার প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে একশটি ফিফটি করে ফেললেন। গোটা বিশ্বে এই কীর্তিতে তার আগে আছেন মাত্র তিন ক্রিকেটার। বুধবার রাতে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে পিএসএলের হাইভোল্টেজ ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে এই রাজকীয় কীর্তি গড়েন পেশোয়ার জালমির অধিনায়ক।
কোয়েটার বোলারদের শাসন করে ৫১ বলে বাবর খেলেন অপরাজিত ৭১ রানের এক নান্দনিক ইনিংস। তার চওড়া ব্যাটে ভর করে ৮ উইকেটের বিশাল জয় পায় জালমি। তবে এই জয়ের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে বাবরের ব্যক্তিগত অর্জন। এই ইনিংসের মাধ্যমে তিনি কুড়ি ওভারের ক্রিকেটে ১০০টি ফিফটি করার গৌরব অর্জন করলেন। তিনি এখন ‘দ্য ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল (৮৮ ফিফটি) কিংবা ‘হিটম্যান’ খ্যাত রোহিত শর্মাদের থেকে অনেক এগিয়ে।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির লড়াইয়ে বর্তমানে বাবর আজমের আগে রয়েছেন কেবল তিন জন- অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (১১৬), ভারতের বিরাট কোহলি (১০৭) এবং ইংল্যান্ডের জস বাটলার (১০০)। বাবরের এই মাইলফলক স্পর্শের পর ক্রিকেট বিশ্বে নতুন করে শুরু হয়েছে কোহলি বনাম বাবর বিতর্ক। পরিসংখ্যান বলছে, বিরাট কোহলি কিংবা জস বাটলারের চেয়ে অনেক কম ইনিংস খেলে এই ১০০ ফিফটির মাইলফলকে পৌঁছেছেন বাবর।
পাকিস্তানি তারকার এমন পারফর্মেন্স এখন কোহলির ১০৭ ফিফটির রেকর্ডকে হুমকির মুখে ফেলে দিয়েছে। যদিও ৩৭ বছর বয়সেও ফিটনেসের তুঙ্গে থাকা কোহলি রান করেই চলছেন। চলতি আইপিএলে আবেশ খানের বলে ৪৯ রানে আউট হয়ে মাত্র ১ রানের জন্য নিজের ১০৮তম ফিফটি মিস করেছেন। ফলে লড়াইটা এখন সমানে সমান। মাঝেমধ্যেই বাবরের স্ট্রাইক রেট নিয়ে ক্রিকেট পাড়ায় সমালোচনার ঝড় ওঠে। এই ইনিংসের মাধ্যমে তিনি সেই জবাবটাও দিয়ে দিলেন।



