সিরিজ হারের পর শাস্তি পেলেন নিগার
ক্রীড়া প্রতিবেদক

সংগৃহীত ছবি
- সিরিজের সব ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। হারের হতাশার মধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে শাস্তি পেলেন অধিনায়ক নিগার সুলতানা। আচরণবিধি ভঙ্গ করায় তাকে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি।
- ঘটনাটি বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় টি-২০ চলার সময়। আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন নিগার। মাঠ ছাড়ার আগে ব্যাট ছুড়ে মারেন বাংলাদেশ অধিনায়ক। এটি চোখ এড়ায়নি ম্যাচ অফিসিয়ালদের।
- ম্যাচের পর নিগারের বিপক্ষে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। অভিযোগটি আনেন আইসিসির আন্তর্জাতিক প্যানেলের সদস্য সুপ্রিয়া রানী দাস। নিগার অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নিয়েছেন।
- আইসিসির আচরণবিধির প্রথম স্তরের একটি ধারা ভঙ্গ করায় শাস্তি পেতে হচ্ছে নিগারকে। ধারাটি মূলত ক্রিকেট সরঞ্জাম, পোশাক কিংবা মাঠের উপকরণের অপব্যবহারের সঙ্গে সম্পর্কিত।
- ২৪ মাসের মধ্যে এই প্রথম আচরণবিধি ভঙ্গ করায় একটি ডিমেরিট পয়েন্ট পাচ্ছেন নিগার। তবে জরিমানা করা হয়নি তাকে, পেয়েছেন শুধু মৌখিক তিরস্কার। ডিমেরিট পয়েন্ট ৪ হয়ে গেলেই নিষেধাজ্ঞায় পড়বেন নিগার।



