আইপিএল রেখে বাংলাদেশে ভারতীয় আম্পায়ার

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে থাকছেন ভারতীয় আম্পায়ার নিতিন মেনন। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্ক ঠেকেছিল তলানিতে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে না দেওয়া আর বাংলাদেশের বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়া নিয়ে সম্পর্কের অবনতি হয়েছিল দুই দেশের ক্রিকেট বোর্ডেরও। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই বরফ গলতে শুরু করেছে।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে দায়িত্ব পালন করতে আসছেন আইসিসির এলিট প্যানেলে থাকা ভারতীয় আম্পায়ার নিতিন মেনন। তাও আইপিএলের ব্যস্ততা রেখে, যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আম্পায়ারদের পারিশ্রমিক আকর্ষণীয়।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে নিতিন ১৭ এপ্রিল ঢাকায় ও ২৩ এপ্রিল চট্টগ্রামে অন ফিল্ড আম্পায়ারিং করবেন। ২০ এপ্রিল মিরপুরে থাকবেন টিভি আম্পায়ার হিসেবে। ওয়ানডে সিরিজ শেষে ফিরে যাবেন দেশে।
বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ড ইলিংওয়ার্থ। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন অ্যান্ডি পাইক্রফট। স্থানীয় আম্পায়ারদের মধ্যে থাকছেন মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল ও মোরশেদ আলী খান।
এই সিরিজে নিউজিল্যান্ড পাঠাচ্ছে দ্বিতীয় সারির দল। তারপরও তাদের সমীহ করছেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নু।
গণমাধ্যমকে নান্নু বলেছেন, 'আমার মনে হয় ওটাকে হালকা করে নিলে কিন্তু আমারা আবার বিপদে পড়তে পারি। আমাদের সেরাটা সঠিক সময়ে দিতে হবে এবং এই সিরিজটা থেকে অবশ্যই আমরা কিছু ইতিবাচক পারফরম্যান্স চাই যেটা আগামী সিরিজে কাজে লাগবে। নিউজিল্যান্ড যথেষ্ট ভালো দল এবং সব ফরম্যাটের খেলাতেই কিন্তু একটা চ্যালেঞ্জ সবসময় যেকোনো দেশকে দেয়। তো সেই হিসেবে নিউজিল্যান্ড সিরিজটা ওতো হালকাভাবে নেওয়াটা যাবে না।’



