আসিফ মাহমুদের হস্তক্ষেপের প্রমাণ
বুলবুলকে বিদায় করে বিসিবি সভাপতি তামিম

তদন্ত কমিটি কাঠগড়ায় দাঁড় করিয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। বিসিবি নির্বাচনে এই সাবেক উপদেষ্টার স্পষ্ট ‘হস্তক্ষেপ’র প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। ‘অনিয়মে ভরা’ এই নির্বাচনের কারণে জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ২১ ধারা অনুযায়ী বর্তমান ক্রিকেট বোর্ড ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করছে ক্রীড়া পরিষদের উপসচিব (ক্রীড়া) আমিনুল এহসান।
তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে আছেন রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইস্রাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানী, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।
তিন মাসের মধ্যেই বিসিবির নির্বাচন দিতে হবে এই অ্যাডহক কমিটিকে।
নতুন কমিটি দেওয়ার আগে ক্রীড়া পরিষদ কর্মকর্তা আমিনুল এহসান বলেছেন, ‘তদন্ত রিপোর্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হস্তক্ষেপ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাপ দিয়েছেন তিনি। শেরাটন হোটেলে আসিফ মাহমুদ ও সাখাওয়াত হোসেন প্রভাবিত করেছেন ভোটারদেরকে পছন্দের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য।’
দুই দিন আগে তদন্ত কমিটি রিপোর্ট জমা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে। রিপোর্টে অনেক অনিয়মের কথা উল্লেখ থাকায় ক্রীড়া পরিষদ নিয়েছে নতুন সিদ্ধান্ত। সেখানে বিদায়ী বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধেও সুবিধা নেওয়ার কথা তুলে ধরেছেন আমিনুল এহসান, ‘আমিনুল ইসলাম বুলবুল একটা পক্ষ হিসেবে ১০ ক্রিকেটারকে মনোনয়ন দিয়ে সুবিধা নিয়েছেন, এই প্রমাণও পাওয়া গেছে। এই নির্বাচন অসম্পূর্ণ ও অনিয়মে ভরা হিসেবে দেখছে কমিটি।’
এই কর্মকর্তার দাবি, ‘আমরা এই তদন্ত রিপোর্ট আইসিসিতে পাঠিয়েছি। আশা করি নির্বাচনে যেভাবে নিয়ম ভঙ্গ করা হয়েছে, সেগুলো বিবেচনা করে তারা নতুন কমিটিকে অনুমোদন দেবে।’



