‘সুর্যবংশী আমার নতুন প্রিয় খেলোয়াড়’

বৈভব সূর্যবংশীর ভক্ত বনে গেছেন প্যাট কামিন্স।
আইপিএলের মঞ্চে আবারও ঝড় বইয়ে দিলেন বৈভব সূর্যবংশী। গতকাল শনিবার জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে মাত্র ৩৭ বলে ১০৩ রানের এক টর্নেডো ইনিংস খেলেন এই বাঁহাতি ওপেনার। ১৫ বছরের বৈভবের এই তাণ্ডব দেখে মুগ্ধ সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। তিনি রীতমতো বৈভবের ভক্ত বনে গেছেন।
গতকালকের ম্যাচে হায়দরাবাদ ৫ উইকেটে জিতলেও আলোচনার কেন্দ্রে ছিলেন বৈভব। তার বিধ্বংসী ইনিংসে ছিল ১২টি ছক্কা ও ৫টি চারের মার। অন্যদিকে দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পর এই ম্যাচ দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন কামিন্স। বোলাররা। ইনিংসের প্রথম ওভারেই টানা চারটি ছক্কা মেরে নিজের শক্তিমত্তার জানান দেন বৈভব।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কামিন্স বলেন, ‘আমার মনে হয় ও (বৈভব) এখন আমার নতুন প্রিয় খেলোয়াড়। ও এত জোরে বল মারে যে, দেখতে দারুণ লাগে। বোলার হিসেবে আপনার সামান্যতম ভুল করার সুযোগ নেই, কারণ একটু এদিক-সেদিক হলেই বল অনেক দূরে গিয়ে পড়বে। মাত্র তো শুরু, যেভাবে ও খেলাটাকে ইতিবাচকভাবে নেয়, তা সত্যিই প্রশংসনীয়।’
বৈভবের পিটুনি থেকে রক্ষা পাননি স্বয়ং কামিন্স। অস্ট্রেলিয়ার এই পেস সুপারস্টারের করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান সূর্যবংশী। বৈভবের সেঞ্চুরির ওপর ভর করে রাজস্থান রয়্যালস ২১৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। তাকে যোগ্য সঙ্গ দেন ধ্রুব জুরেল (৫১)। রান তাড়ায় দুই তরুণ ইশান কিষাণ (৩১ বলে ৭৪) ও অভিষেক শর্মার (২৯ বলে ৫৭) ব্যাটে ৯ বল হাতে রেখেই জিতে যায় হায়দরাবাদ।




