অবৈধ বল টেম্পারিংকে বৈধ করার প্রস্তাব মালানের

পিএসএলে বল টেম্পারিং করে শাস্তি পেয়েছেন ফখর জামান। তাকেই কি সমর্থন দিলেন মালান?
আইসিসির আইনে বল টেম্পারিং সম্পূর্ণ অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারের মতো বিশ্বখ্যাত তারকারাও বল টেম্পারিং করে শাস্তি ভোগ করেছেন। সম্প্রতি ফের বল টেম্পারিং নিয়ে আলোচনা শুরু হয়েছে ফখর জামানের সৌজন্যে। পাকিস্তানের এই তারকা ব্যাটার চলতি পিএসএলে বল টেম্পারিং করে শাস্তি পেয়েছেন। এই বিতর্কিত ইস্যুতে ফখরের প্রতি এক প্রকার সমর্থন জানিয়ে আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার ডেভিড মালান।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল টেম্পারিংয়ের দায়ে ফখর জামানের শাস্তি পাওয়ার ঘটনাটি ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বলের আকৃতি পরিবর্তনের দায়ে অভিযুক্ত হন লাহোর কালান্দার্সের হয়ে খেলা ফখর। আনুষ্ঠানিক শুনানিতে ফখর নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হন। এরপর তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর আগে ম্যাচ চলাকালীন লাহোরকে ৫ রান পেনাল্টি দেওয়া হয়েছিল।
এই ঘটনা নিয়ে বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালের ‘স্ট্র্যাটেজিক টাইমআউট’ অনুষ্ঠানে ডেভিড মালান এই বিস্ফোরক মন্তব্য করেন। রিভার্স সুইং ও ডেথ ওভারের বোলিং নিয়ে আলোচনার সময় তিনি বলে বসেন, ‘আমি মনে করি এটি (বল টেম্পারিং) বৈধ করা উচিত। ফিল্ডারদের বল ঘষার অনুমতি দেওয়া হোক। অবশ্যই বাইরে থেকে কোনো বস্তু আনা যাবে না, তবে বলকে রিভার্স সুইং করানোটাও একটা বড় দক্ষতা।’
মালানের মতে, আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটারদের একচেটিয়া আধিপত্য কমানোর জন্য বোলারদের কিছুটা বাড়তি সুবিধা দেওয়া প্রয়োজন। তার দাবি, ক্রিকেটাররা বছরের পর বছর ধরে গোপনে এটি করে আসছেন। তাই বিষয়টি নিয়ে লুকোচুরি না করে একটি নিয়মের আওতায় আনা উচিত। বল রিভার্স করলে ডেথ ওভারে ব্যাটারদের আটকানো বোলারদের জন্য সহজ হবে এবং খেলা আরও রোমাঞ্চকর হয়ে উঠবে।
মালানের এই প্রস্তাব প্রচলিত ক্রিকেটীয় আইনের সম্পূর্ণ পরিপন্থী। মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ৪১.৩ ধারা এবং আইসিসি আচরণবিধি অনুযায়ী, বলের ওপর নখ দিয়ে আঁচড় কাটা, সিমের ক্ষতি করা বা কৃত্রিম কোনো পদার্থ ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। আম্পায়ারের অনুমতি ছাড়া কেবল কাপড় দিয়ে বল পরিষ্কার বা শুকানোর নিয়ম রয়েছে।



