বেলিংহামের দলে খেলবেন মোস্তাফিজুর রহমান

রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম এবার ক্রিকেটে নাম লেখালেন।
শিরোনাম অবাক করা হলেও ঘটনা সত্যি। মোস্তাফিজুর রহমান এবং জুড বেলিংহাম দুই ভুবনের তারকা হলেও এবার মিলে যাচ্ছেন একই বিন্দুতে। নিজের শহর বার্মিংহামের ক্রিকেট দল ‘বার্মিংহাম ফিনিক্স’-এর শেয়ার কিনেছেন বেলিংহাম। আর এই দলটির হয়েই ‘দ্য হান্ড্রেডে’খেলবেন মোস্তাফিজুর রহমান।
দ্য হান্ড্রেডের ২০২৬ মৌসুমের জন্য গত ১২ মার্চ নিলামে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ১ লাখ পাউন্ডে কেনে বার্মিংহাম ফিনিক্স। আগামী ২১ জুলাই শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে এবারই প্রথম খেলবেন মোস্তাফিজ। অর্থাৎ প্রথমবারেই তিনি বেলিংহামের ক্লাবে খেলবেন। ক্লাবটির মালিক হতে বেলিংহাম বিনিয়োগ করেছেন প্রায় ১০ লাখ পাউন্ড।
গত বছর বার্মিংহাম সিটি ফুটবল ক্লাবের মালিক পক্ষ ‘নাইটহেড ক্যাপিটাল’ ফিনিক্সের ৪৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছিল। বাকি ৫১ শতাংশ ছিল বার্মিংহামের স্থানীয় ক্রিকেট কাউন্টি ওয়ারউইকশায়ারের হাতে। সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বেলিংহাম এই দুই পক্ষের কাছ থেকেই শেয়ার কিনেছেন। বর্তমানে ক্লাবে বেলিংহামের অংশীদারিত্ব ১.২ শতাংশ। এর ফলে মালিকানা কাঠামো দাঁড়িয়েছে- ওয়ারউইকশায়ারের ৫০.৪%, নাইটহেড ক্যাপিটালের ৪৮.৪% এবং জুড বেলিংহামের ১.২%।
বেলিংহামের ক্রিকেটের প্রতি অনুরাগ নতুন কিছু নয়। শৈশবে হ্যাজলি ক্রিকেট ক্লাবের হয়ে জুনিয়র পর্যায়ে ক্রিকেট খেলেছেন তিনি। এমনকি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, একদিনের জন্য যদি পেশা বদল করতে পারতেন, তবে তিনি ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকস হতে চাইতেন। মূলত নিজের শহরের ক্রীড়া সংস্কৃতির সাথে যুক্ত থাকতেই এই উদ্যোগ।
ক্রিকেট দলের মালিক হওয়ার বিষয়ে বেলিংহাম বলেছেন, ‘নিজের শহরের প্রতি দায়বদ্ধতা থেকেই এই বিনিয়োগ। বার্মিংহামের ক্রীড়াঙ্গনকে বিশ্বমঞ্চে আরও উঁচুতে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।’
বেলিংহামের এই বিনিয়োগ কেবল আবেগ নয়, বরং বার্মিংহামকে একটি ‘স্পোর্টস কোয়ার্টার’ হিসেবে গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ। নাইটহেড ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা টম ওয়াগনার ইতিমধ্যে সেখানে ৬২ হাজার আসনের নতুন ফুটবল স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করেছেন। এই বোর্ডে এনএফএল কিংবদন্তি টম ব্র্যাডিরও পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে।



