বিসিবি নির্বাচন
কাউন্সিলরদের নাম জমার শেষ সময় ১৬ মে

বিসিবির চতুর্থ সভায় নেওয়া হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ছবি: সংগৃহীত
নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে বিসিবির। আজ অ্যাডহক কমিটির চতুর্থ সভায় এ নিয়ে হয়েছে আরও একটি সিদ্ধান্ত। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির ব্যবস্থাপনা কার্যালয়ে অনুষ্ঠিত সভায়, ১৯২ জন কাউন্সিলর মনোনয়নের জন্য সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব ও সংগঠনের চূড়ান্ত তালিকা অনুমোদন করা হয়েছে।
বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী তিনটি ক্যাটাগরি থেকে ১৯২ জন কাউন্সিলরের নাম আহ্বান করেছে বিসিবি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি পাঠিয়ে মনোনীত কাউন্সিলরদের নাম চাওয়া হবে। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১৬ মের মধ্যে এই ১৯২ জন কাউন্সিলরের নাম জমা দিতে হবে।
বিসিবির অ্যাডহক কমিটির চতুর্থ সভায় সিদ্ধান্ত এসেছে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নিয়েও। সিদ্ধান্ত এসেছে। বর্তমান আম্পায়ার ও ম্যাচ রেফারিদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ৩০ এপ্রিল। তাদের চাকরির মেয়াদ আরও তিন মাস বাড়ানোর অনুমোদন দিয়েছে বোর্ড।
জেলা কোচদের চুক্তির মেয়াদ শেষ হলে ৬৪টি জেলায় নতুন কোচ নিয়োগের জন্য আবেদনকারীদের মূল্যায়ন করতে একটি কমিটি গঠন করার সিদ্ধান্তও হয়েছে আজকের সভায়।



