১১ পয়েন্টে এগিয়ে বার্সা, শীর্ষে আর্সেনাল

ইয়ামালকে গোল উৎসর্গ করেছেন লোপেস। ছবি: সংগৃহীত
লা লিগা শিরোপার হাত ছোঁয়া দূরত্বে বার্সেলোনা। গেতাফেকে ২-০ গোলে হারিয়ে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে ১১ পয়েন্টে।
তারপরও মাটিতে পা রাখছেন কোচ হান্সি ফ্লিক,‘আমরা ড্রেসিংরুমে জয় উদযাপন করেছি, তবে সেটা শিরোপার উদযাপন নয়। আমরা জিততে চেয়েছিলাম, সেটা পারায় আমি খুশি। বলসহ আর বলছাড়া যেভাবে খেলেছি সেটা সন্তুষ্টির।’
৪৪ মিনিটে ফেরমিন লোপেসের গোলে এগিয়ে যায় বার্সা। গাভির অসাধারণ পাসে লক্ষ্যভেদ করেন এই স্প্যানিশ উইঙ্গার। ম্যাচ শেষে তিনি গোলটা উৎসর্গ করেছেন চোটে মৌসুম শেষ হয়ে যাওয়া লামিন ইয়ামালকে। ৭৪ মিনিটে রবার্ট লেভানদোস্কির অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস রাশফোর্ড।
সমান ৩৩ ম্যাচ শেষে লিগে বার্সেলোনার পয়েন্ট ৮৫, রিয়ালের ৭৪। আর দুটি জয় পেলেই টানা দ্বিতীয়বার লা লিগার ট্রফি ঘরে তুলবে তারা। অপর ম্যাচে আতলেতিকো মাদ্রিদ ৩-২ গোলে হারিয়েছে অ্যাথলেতিককে। ৩৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তারা আছে ৪ নম্বরে।
ইংল্যান্ডে শীর্ষে আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে ফিরেছে আর্সেনাল। শনিবার এমিরেটস স্টেডিয়ামে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে তারা। নবম মিনিটে এবারেচি এজের বুলেট গতির শটে করা গোল গড়ে দেয় ম্যাচের ব্যবধান।
এবারের মৌসুমে ১০ম গোল করেছেন এজে। ছবি: সংগৃহীত
অপর ম্যাচে লিভারপুল ৩-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। ৩৪ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৭৩। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭০। আর ৩৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে লিভারপুল।
বুন্দেসলিগায় শিরোাপা নিশ্চিত করা বায়ার্ন শুরুতে মাইঞ্জের কাছে পিছিয়ে পড়েছিল ৩ গোলে। সেই ম্যাচ তারা জিতেছে ৪-৩ ব্যবধানে।




