গোলের নতুন ইতিহাস বায়ার্নের

২৯ ম্যাচে ১০৫ গোলের কীর্তি বায়ার্নের। ছবি: সংগৃহীত
কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, গার্ড মুলার, উলি হোনেসদের একটা কীর্তি পেছনে ফেলল কেইন-মুসিয়ালা-দিয়াসদের বায়ার্ন মিউনিখ। শনিবার ভাঙল বুন্দেসলিগায় ৫৪ বছরের পুরোনো গোলের রেকর্ড।
১৯৭১-৭২ মৌসুমে বেকেনবাওয়ারদের বায়ার্ন করেছিল ১০১ গোল। সেন্ট পাউলির বিপক্ষে ৫-০ ব্যবধানে জেতার পর এবারের মৌসুমে বুন্দেসলিগায় বায়ার্নের গোল ১০৫টি।
নবম মিনিটে হেডে আসরে দলের ১০১তম গোলটি করেন জামাল মুসিয়ালা। ৫৩ মিনিটে লিওন গোরেৎস্কার করা গোলে ৫৪ বছর আগের রেকর্ড ভাঙে তারা। তিন মিনিট পর ব্যবধানটা ৩-০ করেন মাইকেল ওলিসে। ৬৫ মিনিটে চতুর্থ গোলটি করেন নিকোলাস জ্যাকসন। ৮৮ মিনিটে অপর গোলটি রাফায়েল গেরেইরোর।
২৯ ম্যাচে বায়ার্নের গোল এখন ১০৫টি। বাকি ৫ ম্যাচে রেকর্ডটা সমৃদ্ধ করার সুযোগ আছে আরও। শীর্ষে থাকা বায়ার্নের পয়েন্ট এখন ৭৬। লেভারকুসেনের কাছে হেরে যাওয়া ডর্টমুন্ড দুইয়ে আছে ৬৪ পয়েন্ট নিয়ে। ১২ পয়েন্ট এগিয়ে থাকায় শিরোপায় একটা হাত দিয়েই রেখেছে বায়ার্ন।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা লিভারপুল ২-০ গোলে হারিয়েছে ফুলহামকে। অ্যানফিল্ডের এই জয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে এগিয়ে এখন লিভারপুল।
৩২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে লিভারপুল এখন পাঁচে। এক ম্যাচ কম খেলা চেলসি ৪৮ পয়েন্ট নিয়ে ছয়ে। ৩৬ মিনিটে তরুণ রিও এনগুমোহার গোলে এগিয়ে যায় লিভারপুল। ৪ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ।



