আজীবন মাদ্রিদেই থাকবেন ভিনিসিয়ুস

রিয়াল ছাড়তে চান না ভিনিসিয়ুস। ছবি: সংগৃহীত
আবেগঘন বার্তাই দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। সমর্থকদের জানিয়েছেন আজীবন রিয়ালে থাকতে চান তিনি।
এসপানিওলের বিপক্ষে জোড়া গোল করে দলকে গুরুত্বপূর্ণ জয়ে এনে দিয়েছেন ভিনিসিয়ুস। জয়ের পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি। সমর্থকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন এক আবেগঘন বার্তা, ‘মৃত্যু পর্যন্ত এই ক্লাবের সঙ্গে থাকব। আমাদের এগিয়ে যেতে হবে। আমরা আবার শীর্ষে ফিরব।’
ভিনিসিয়ুসের এমন ঘোষণা নিশ্চয়ই রিয়ালের স্বস্তির কারণ। চোটের কারণে কিলিয়ান এমবাপ্পে দলের বাইরে থাকায় ভিনিসিয়ুসই দলের আক্রমণের প্রাণভোমরা, এই পারফরম্যান্স সেটিই প্রমাণ করল। এসপানিওলের বিপক্ষে তার অসাধারণ পারফরম্যান্স ছিল ব্যাক্তিগত শ্রেষ্ঠত্বের এক উজ্জ্বল নিদর্শন।
এই মৌসুমে ভিনসিয়ুসের গোল ২১টি। এবার লিগ একপ্রকার হাতছাড়া হলেও পরের মৌসুমে শিরোপা জিততে মুখিয়ে তিনি, ‘এই সপ্তাহ আমরা খুব ভালো কাজ করেছি এবং জানতাম যে জিতব। মৌসুমটা ভালো যায়নি, তবে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিটি ম্যাচেই পরের মৌসুমের কথা মাথায় রেখে। আমরা আবার শীর্ষে ফিরব।’
রিয়ালে আসার পর প্রতি মৌসুমে নিজেকে নতুনভাবে প্রমাণ করছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ক্লাবের হয়ে ৩৭২ ম্যাচে ১২৭টি গোল করেছেন তিনি, সঙ্গে আছে ২টি চ্যাম্পিয়ন্স লিগ ও ৩টি লা লিগার শিরোপা।
২০২৪ সালে ব্যালন ডি’অর জয়ের খুব কাছাকাছি ছিলেন ভিনিসিয়ুস। ৪১ পয়েন্টের জন্য ম্যান সিটির তারকা রদ্রির কাছে হারাতে হয়েছে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে সম্মানজনক ট্রফিটি। সেই বার তিনি ট্রফি না জেতায় ব্যালন ডি’অরের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন মাদ্রিদের সাবেক খেলোয়াড় এবং পর্তুগালের মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো।
আগামী সপ্তাহে এল ক্লাসিকো জেতা নিয়ে চরম আত্মবিশ্বাসী এই ২৫ বছর বয়সি তারকা। বার্সেলোনা জিতে গেলে ৩ ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপা নিয়ে নিবে কাতালানরা। তাদের অপেক্ষা বাড়াতে জয়ই একমাত্র পথ ভিনিদের।



