বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল জার্মানি

বিশ্বকাপ অনিশ্চিত হয়ে গেল জার্মান তারকা সার্জে জিনাব্রির।
হুলিয়ান নাগলসম্যানের দলের অন্যতম মূল ভরসা তিনি। এবারের বিশ্বকাপে জার্মানির হয়ে আলো ছড়াবেন বায়ার্ন মিউনিখ তারকা সার্জে জিনাব্রি- সমর্থকরা এমন আশায় বুক বেঁধেছিলেন। তবে বিশ্বকাপের ৫৩ দিন আগে বড় এক দুঃসংবাদ পেল জার্মানি। উরুর ইনজুরিতে বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে জিনাব্রির।
৩০ বছর বয়সী জিনাব্রি জার্মান একাদশের নিয়মিত সদস্য। অভিষেকের পর থেকে ৫৯ ম্যাচে ২৬ গোল ও ১১ অ্যাসিস্টে হয়ে উঠেছেন দলের অন্যতম সেরা ফুটবলার। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বেও দারুণ ফর্মে ছিলেন জিনাব্রি। জাতীয় দলের পাশাপাশি বায়ার্নের হয়েও আলো ছড়িয়েছেন মৌসুমজুড়ে, করেছেন ২১ ম্যাচে ৮ গোল। অ্যাসিস্ট ৭টি।
জার্মানি যখন বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই এলো জিনাব্রির ইনজুরি সংবাদ। বায়ার্ন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুশীলনের সময় ডান পায়ের উরুর মাংসপেশীতে চোট পেয়েছেন এই ফরোয়ার্ড। আজ স্টুটগার্টের বিপক্ষে তার মাঠে নামার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না।
এই চোটে জিনাব্রিকে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সেটা ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। শুধু বলা হয়েছে, লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন জিনাব্রি।
জার্মান মিডিয়া দাবি করেছে, এই মৌসুমে জিনাব্রি বায়ার্নের হয়ে আর মাঠে নামতে পারবেন না। আরও বড় দুঃসংবাদ, বিশ্বকাপের আগে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা ক্ষীণ। জিনাব্রিকে ছাড়াই তাই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হতে পারে নাগলসম্যানকে।



