এল সাদরেই আগাম ‘উৎসব’ বার্সেলোনার

ম্যাচ শেষে সমর্থকদের সঙ্গে বার্সা খেলোয়াড়দের আগাম উৎসব। ছবি: সংগৃহীত
নিজেদের কাজটা সেরে রাখল বার্সেলোনা। ওসাসুনার মাঠ এল সাদরে শেষের রোমাঞ্চে জিতেছে তারা। ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপার হাত ছোঁয়া দূরত্বে এখন কাতালানরা।
৩৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আজ এস্পানিওলের মাঠে রিয়াল হারলে বা ড্র করলেই লা লিগার চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সা।
সেই আগাম উৎসব অবশ্য সেরে রেখেছেন বার্সা ভক্তরা। এল সাদরে আসা সমর্থকরা ম্যাচ শেষে ‘চ্যাম্পিয়ন’ স্লোগানে মাতান গ্যালারি। তাদের উৎসাহ দেন বার্সার খেলোয়াড়রাও। ম্যাচ শেষে রিয়ালের ম্যাচ দেখা নিয়ে প্রশ্ন করা হয়েছিল হান্সি ফ্লিককে। তিনি মজা করে বলেছেন,‘জানি না রিয়ালের ম্যাচ দেখব কিনা। মাগোর পপ শোতেও যেতে পারি!’
এল সাদরে ৮০ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি বার্সেলোনা। ৮১তম মিনিটে ডেডলক ভাঙেন রবার্ট লেভানদোস্কি। রাশফোর্ডের ছয় গজ বক্সের মুখে বাড়ানো ক্রসে করা হেডে এবারের লিগে নিজের ১৩তম গোল করেন তিনি। করে বল জালে পাঠান লেভানদোভস্কি।
পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফেররান তরেস। ফের্মিন লোপেসের থ্রু বল ধরে কোনাকুনি শট জালে জড়ান তিনি। ৮৮ মিনিটে রাউল গার্সিয়া এক গোল ফেরালেও তাতে শুধু ব্যবধানই কমে ওসাসুনার।
লা লিগার অপর ম্যাচে আতলেতিকো মাদ্রিদ ২-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। ৩৪ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে আতলেতিকো।




