আগামীর সময়

খেলা অনিশ্চিত হলেও ভিয়েতনামের ভাবনায় শুধু হামজা

খেলা অনিশ্চিত হলেও ভিয়েতনামের ভাবনায় শুধু হামজা

হামজাকে নিয়ে বিশেষ ভাবনা ভিয়েতনামের। ছবি: সংগৃহীত

হাভিয়ের কাবরেরা ধোঁয়াশা রেখে দিলেন। বাংলাদেশের প্রাণভোমরা হামজা চৌধুরীকে ভ্রমণ ক্লান্তির জন্য ভিয়েতনামের বিপক্ষে খেলাবেন কিনা, খোলাস করলেন না সংবাদ সম্মেলনে,‘ হামজা কেবল গতকাল বিকালে পৌঁছেছে। ও ভালো আছে, তবে আবহাওয়া ও সময়ের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। ম্যাচে সে খেলবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হবে পরিস্থিতি বুঝে।’

ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ের ব্যবধান ৭৮। হামজা চৌধুরীর মতো তারকা ছন্দে থাকলে এই ব্যবধান কমিয়ে মাঠে পাল্লা দিয়ে লড়াই করা যে অসম্ভব নয় ভালোই জানা ভিয়েতনামের।

ভিয়েতনাম কোচ কিম সাং-সিক আজ সংবাদ সম্মেলনে জানালেন হামজাকে নিয়ে বিশেষ ভাবনার কথা,‘ হামজার ব্যাপারে জানি আমি। সে ইংল্যান্ডে খেলছে। আমরা তার ভিডিও বিশ্লেষণ করছি যেন তার শক্তির মোকাবিলা করার উপায় বের করা যায়। ম্যাচ জেতাই লক্ষ্য আমাদের।’

র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও বাংলাদেশকে শক্তিশালী দলই মনে করেন ভিয়েতনাম কোচ। এটা যে কথার কথা নয় সেটা যুক্তি দিয়েই বললেন ভিয়েতনাম কোচ কিম সাং-সিক, ‘গত বছরের তুলনায় বাংলাদেশ অনেক বদলে গেছে। কোচিং স্টাফ থেকে শুরু করে স্কোয়াড পর্যন্ত, বিশেষ করে বিদেশে খেলা খেলোয়াড়দের অন্তর্ভুক্তির কারণে। কিছু খেলোয়াড় ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে খেলেছে। ওরা আগের চেয়ে অনেক শক্তিশালী বলেই আমার বিশ্বাস।’








    শেয়ার করুন: