রোনালদোর রেকর্ড ছোঁয়ার রাতে কাঁদলেন হ্যারি কেইন

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ার পর কাঁদছেন হ্যারি কেইন।
বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে পিএসজি। ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) সঙ্গে ড্র করলেও দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে হেরে ইউরোপসেরার লড়াই থেকে ছিটকে গেল বায়ার্ন। মন খারাপের রাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি রেকর্ডে ভাগ বসালেন বায়ার্নের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।
ম্যাচের ৯৪ মিনিটে গোল করে হ্যারি কেইন চ্যাম্পিয়নস লিগের নক-আউট পর্বে টানা ৬ ম্যাচে গোল করার কীর্তি গড়েন। এর আগে ২০১২ থেকে ২০১৩ সালের মধ্যে একমাত্র ক্রিশ্চিয়ানো রোনালদোই নক-আউট পর্বে টানা ৬ ম্যাচে গোল করেছিলেন। বায়ার্নের জার্সিতে নিজের প্রথম মৌসুমে এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেও দিনশেষে ট্রফি ভাগ্য যেন কিছুতেই সহায় হচ্ছে না এই ইংলিশ স্ট্রাইকারের।
প্রথম লেগের ম্যাচে পিএসজির মাঠে ৫-৪ ব্যবধানে হেরে ব্যাকফুটে ছিল বায়ার্ন। ঘরের মাঠে দ্বিতীয় লেগের শুরুতেই (৩ মিনিটে) ওসমান দেম্বেলের গোলে লিড নেয় বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। এরপর পুরো ম্যাচ জুড়ে ৬৬ শতাংশ বল দখল এবং ১৮টি শট নিয়েও পিএসজির রক্ষণ ভাঙতে পারছিল না বায়ার্ন। যোগ করা সময়ে কেইন গোল করে সমতা (১-১) ফেরালেও তা ফাইনালে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না। ফলে গতবারের চ্যাম্পিয়ন পিএসজিই টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পা রাখল।
হ্যারি কেইনের ইউরোপীয় শিরোপার স্বপ্ন অন্তত আরও ৯ মাসের জন্য দীর্ঘায়িত হলো। শিরোপার খোঁজে টটেনহ্যাম ছেড়ে বায়ার্নে যোগ দিলেও চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে ৫৬ গোল করা কেইনের হাতে কোনো ট্রফি উঠছে না। অন্যদিকে, শিরোপা ধরে রাখার মিশনে বুদাপেস্টের ফাইনালে পিএসজির প্রতিপক্ষ ইংলিশ ক্লাব আর্সেনাল। আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে দুই দশক পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে গানার্সরা।




