ফুডির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হামজা চৌধুরী

হামজা এখন ফুডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ছবি: সংগৃহীত
আজ হঠাৎ করেই ঢাকায় এসেছেন হামজা চৌধুরী। বাংলাদেশ ফুটবল দলের কোনো ক্যাম্পে যোগ দিতে নয়, তিনি এসেছেন বাণিজ্যিক কিছু চুক্তির আনুষ্ঠানিকতা সারতে।
বিকালে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ ফুডির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন হামজা। রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়েছে দুপক্ষের মধ্যে।
হামজা ফুডির বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমে অংশ নেবেন এবং সারা বাংলাদেশে ফুডির ব্র্যান্ড পরিচিতি আরও বিস্তৃত করতে ভূমিকা রাখবেন। ফুডির সঙ্গে যুক্ত হয়ে হামজা চৌধুরী বলেছেন, ‘আমি ফুডির সঙ্গে যুক্ত হচ্ছি, যেটি বাংলাদেশে তৈরি সবচেয়ে দ্রুততম ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ। মাঠে যেভাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, ঠিক একইভাবে এই দেশীয় একটি ব্র্যান্ডের পাশে দাঁড়াতে পেরে সমানভাবে গর্বিত। ফুডির সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরে আমি আনন্দিত।’
সম্পূর্ণ দেশীয় উদ্যোগে গড়ে ওঠা ফুডির জন্য আন্তর্জাতিক এই ফুটবলারকে পাশে পাওয়া একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
ফুডি এক্সপ্রেস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান চুক্তি স্বাক্ষরের পর বলেছেন, ‘হামজা চৌধুরী শুধু একজন ফুটবলার নন, তিনি বাংলাদেশের গর্ব ও অধ্যবসায়ের প্রতীক। ফুডি বিশ্বাস করে স্থানীয়তার শক্তিতে, স্থানীয় প্রতিভা, স্থানীয় উদ্যম এবং স্থানীয় প্রভাবে। হামজাকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে পাওয়া তাই একটি অত্যন্ত স্বাভাবিক এবং আনন্দের বিষয়। তিনি ঠিক সেই মূল্যবোধ ধারণ করেন, যা ফুডি প্রতিনিধিত্ব করে।’



