বাফুফের কোচ বাছাই
কারো চাওয়া ৪০ হাজার ডলার, কারো ১৫ হাজার

ব্র্যান্ড স্টোর্ক, রোজারিও মিকেল ও কোলম্যান
জাতীয় দলের কোচ নিয়োগের শেষ ধাপে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিশেষ কমিটির তালিকা সংক্ষিপ্ত করে জাতীয় দল কমিটি ১১জনকে প্রাথমিকভাবে বাছাই করেছে। পছন্দের তালিকায় থাকা কোচদের কাছে মাসিক বেতন ও সুযোগ-সুবিধা জানতে চাওয়ার পর বেশিরভাগ নিজ নিজ চাওয়াটা জানিয়েছে বাফুফেকে। বৃহস্পতিবার আগামীর সময়কে বাফুফের টেকনিক্যাল কমিটির প্রধান কামরুল হাসান হিলটন জানিয়েছেন, একেক জন কোচের চাওয়া একেক রকম। সর্বোচ্চ ৪০ হাজার ডলার থেকে সর্বনিম্ন ১৫ হাজার ডলার বেতন চেয়েছেন কোচরা।
বাফুফের হাতে থাকা ১১জনের তালিকায় আছে ওয়েলস জাতীয় দলের সাবেক কোচ ক্রিস কোলম্যান, হাঙ্গেরি জাতীয় দলের সাবেক কোচ ব্র্যান্ড স্টোর্ক, ব্রাজিল যুব দলের সাবেক কোচ রোজারিও মিকেলের মতো অভিজ্ঞদের নাম। হিলটনের বিশ্বাস এই পর্যায়ের কাউকে ভবিষ্যতে দেখা যাবে বাংলাদেশের ডাগআউটে, ‘১১জনের কাছে বেতন ও সুযোগ-সুবিধা জানতে চেয়ে মেইল দেওয়া হয়েছিল। তাদের চাওয়াগুলো আমরা জেনেছি। সর্বোচ্চ ৪০ হাজার থেকে ১৫ হাজার ডলার মাসিক বেতন দাবী করেছেন কোচরা। পরবর্তী ধাপে আমরা তাদের চাওয়া নিয়ে দেনদরবার করে একটা সিদ্ধান্তে পৌঁছাবো। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাসের পর আমার বিশ্বাস জাতীয় দলের জন্য উপযুক্ত একজনকেই বেঁছে নিতে পারবো।’
হিলটন আরও জানান, বেতনের অঙ্ক নির্ধারণের আগে তারা কোচদের অভিজ্ঞতা ও মান যাচাইয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, ‘আমাদের তালিকায় বেশ কয়েকজন কোচ আছেন, যারা ইউরোপে বিভিন্ন দলকে অতীতে কোচিং করিয়েছেন। এরমধ্যে জার্মানির ব্র্যান্ড স্টোর্ক, ইংল্যান্ডের ক্রিস কোলম্যান, ব্রাজিলের রোজারিও মিকেল অন্যতম। নিয়োগের ক্ষেত্রে আমরা প্রথমে কোচের অভিজ্ঞতা ও মান যাচাই করেছি। এখন এক এক করে কোচদের সঙ্গে আলোচনা করছি সুযোগ-সুবিধা নিয়ে।’
হিলটন আরও জানান, হাভিয়ের কাবরেরার উত্তরসূরী হিসেবে বাফুফে এমন একজনকেই খুঁজছে, যার হামজা চৌধুরীর মতো ফুটবলারদের পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, পাশাপাশি দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়েও আছে পরিস্কার ধারণা। কোচ যিনিই হবেন, তাকে প্রথমেই নিতে হবে সাফ শিরোপা জয়ের চ্যালেঞ্জ, যা শেষ দুই যুগে জেতা হয়নি বাংলাদেশের।



