মুখোমুখি মেক্সিকো জাতীয় দল-ক্লাব
ক্যাম্পে যোগ না দিলে জায়গা হবে না বিশ্বকাপ দলে

সংগৃহীত ছবি
বিশ্বকাপের অন্যতম আয়োজক তারা। টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে মেক্সিকো। জাতীয় দলের ক্যাম্পও শুরু হচ্ছে আজ। তবে ক্যাম্প শুরুর আগেই উঠেছে বিতর্ক। মেক্সিকান ফুটবল ফেডারেশন ঘোষণা দিয়েছে, যেসব ফুটবলার ক্লাব ছেড়ে এই ক্যাম্পে যোগ দেবেন না, তাদের রাখা হবে না বিশ্বকাপ স্কোয়াডেও।
মেক্সিকান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘সকল খেলোয়াড় মেক্সিকো সিটির হাই পারফরম্যান্স সেন্টারে রিপোর্ট করবে। কোচিং স্টাফের নির্দেশনা অনুযায়ী, যে সব খেলোয়াড় আজ অনুশীলন ক্যাম্পে যোগ দিতে ব্যর্থ হবে, তারা বিশ্বকাপ দল থেকে বাদ পড়বে।‘
একমাত্র ব্যতিক্রম নিয়ম রাখা হয়েছে তোলুকা ফুটবল ক্লাবের ক্ষেত্রে। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ সেমিফাইনালের ফিরতি লেগে লস এঞ্জেলসের বিপক্ষে মাঠে নামবে দলটি। প্রথম লেগে ২-১ গোলে হেরে পিছিয়ে আছে তারা। তোলুকার যেসব খেলোয়াড় মেক্সিকোর অনুশীলনে ডাক পেয়েছে, তারা এই ম্যাচের পর ক্যাম্পে যোগ দেবে।
এফএমএফ এর এই নিয়মের তীব্র সমালোচনা করেছে দেশটির ক্লাব গুয়াদালাহারার মালিক আমুয়ারি ভের্গারা। মেক্সিকোর শীর্ষ লিগের এটাই একমাত্র ক্লাব, যাদের থেকে পাঁচজন ডাক পেয়েছেন বিশ্বকাপের অনুশীলন ক্যাম্পে।
তাদের রাগ করার কারণও আছে বৈকি। লিগা এমএক্সের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে গুয়াদালাহারা। পরের ধাপে উঠতে ৩-১ গোলের ব্যবধান ঘোচাতে হবে তাদেরকে।
সেই লক্ষ্যে আগামী রোববার টাইগ্রেস ইউএএনএলের মুখোমুখি হবে গুয়াদালাহারা। ম্যাচটির জন্য ওই পাঁচ খেলোয়াড়কে ছেড়ে দিতে মেক্সিকো জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের আগিরের কাছে আবেদন জানিয়েছেন ভের্গারা।
বিশ্বকাপের জন্য মেক্সিকো যে প্রস্তুতি পরিকল্পনা নিয়েছে, তার সঙ্গে দেশটির ক্লাব ফুটবলের ঘরোয়া ও মহাদেশীয় প্রতিযোগিতার সূচি সাংঘর্ষিক হওয়ায়, ক্লাবগুলোর সঙ্গে জাতীয় দলের সমস্যা ক্রমেই বাড়ছে।
এবারের বিশ্বকাপে আসরের উদ্বোধনী ম্যাচ খেলবে মেক্সিকো, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ‘এ’ গ্রুপের অন্য দুই দল হলো দক্ষিণ কোরিয়া ও চেক রিপাবলিক।



