এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ

৩১ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
এশিয়ান কাপ বাছাইয়ে এবার অ্যাওয়ে ম্যাচে হারেনি বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষেও প্রথম ১৫ মিনিট দাপটেই খেলেছেন হামজা চৌধুরীরা। তবে বিরতির আগে এক গোলে পিছয়ে পড়েছে বাংলাদেশ। ৩১ মিনিটে একমাত্র গোলটি হ্যারিস স্টুয়ার্টের।
বাংলাদেশ সেরা সুযোগটা পায় ১৪ মিনিটে। ডান দিক দিয়ে দারুণ ওয়ান-টু খেলার পর সাদ উদ্দিন বক্সে চমৎকার এক ক্রস পাঠান। সেখানে একেবারে ফাঁকায় বল পান শমিত সোম। তবে তার হেড চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।
হ্যারিস স্টুয়ার্টের গোলে ৩১ মিনিটে এগিয়ে যায় সিঙ্গাপুর। পাল্টা আক্রমণে কুয়েহর নেওয়া জোরালো শটটি মিতুল মারমা ঠেকালেও বল চলে যায় ইখসান ফান্দির পায়ে। সেখান থেকে ইখসান বুদ্ধিদীপ্ত পাসে লক্ষ্যভেদ করেন স্টুয়ার্ট।
৩৯ মিনিটেও সমতায় ফেরার ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বক্সের ভেতর শেখ মোরসালিনের শট ব্লক করে দেন বাহারুদ্দিন। তবে সেই বল দখলে নিতে মাটিতে পড়ে যান ফাহিম। বাংলাদেশ পেনাল্টির আবেদন জানালেও রেফারি তাতে সাড়া দেননি।
প্রথমার্ধ শেষ হওয়ার আগে সিঙ্গাপুর গ্লেন কুয়ের পরিবর্তে মাঠে নামায় ইলহান ফান্দিকে। তাতে মাঠে একসঙ্গে খেলছেন তিন ভাই। ইখসান ফান্দি ও ইরফান ফান্দি আগে থেকেই ছিলেন সেরা একাদশে।

