মেসি কতটা নিরহংকার?

মায়ামিতে লিওনেল মেসির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আন্তোনিও ক্যাসানো।
ইতালিয়ান ফুটবলের একসময়ের ‘ব্যাড বয়’ খ্যাত আন্তোনিও ক্যাসানো সচরাচর কাউকে খুব একটা পাত্তা দিতে চান না। ক্রিশ্চিয়ানো রোনালদোর সমালোচনা করতেও তিনি দ্বিধা করেন না। তবে সেই ক্যাসানোই লিওনেল মেসির মুখোমুখি হয়ে যেন বাকরুদ্ধ হয়ে পড়লেন। সম্প্রতি ইন্টার মায়ামির অনুশীলন সেন্টারে মেসির সঙ্গে তিনি দীর্ঘ সময় কাটান। সেই আড্ডায় মেসির দেওয়া এক উত্তর ক্যাসানোকে রীতিমতো স্তম্ভিত করে দিয়েছে।
পরিবার নিয়েই মেসির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের সাবেক স্ট্রাইকার ক্যাসানো। মায়ামির অনুশীলন শুরুর আগে মেসি তার দেহরক্ষী পাঠিয়ে ক্যাসানো ও তার পরিবারকে ভেতরে ডেকে নেন এবং ১ ঘণ্টা ৪০ মিনিট তাদের সঙ্গে গল্প করেন। মেসির অমায়িক ব্যবহারে মুগ্ধ ইতালিয়ান এই তারকা বলেন, ‘সে আমাকে এমনভাবে গ্রহণ করেছে যা আমি কল্পনাও করিনি। মেসি একমাত্র ব্যক্তি যাকে দেখলে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলি।’
আড্ডার একপর্যায়ে ক্যাসানো সরাসরি মেসিকে প্রশ্ন করেন, ‘লিও, তুমি কি আসলে বোঝো যে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় তুমিই?’ উত্তরে মেসি যা বললেন তা ক্যাসানোর ভাবনার অতীত ছিল। আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা শান্তভাবে বলেন, ‘আন্তোনিও, আমি ১ নম্বর নাকি ২ নম্বর, ৫, ১০ নাকি ১৫ নম্বর— তাতে আমার কিছুই যায় আসে না।’
বিস্মিত ক্যাসানো তখন বলেন, ‘কী বলছ লিও! তুমি তো ফুটবলের ইতিহাস নতুন করে লিখেছ।’ জবাবে মেসি আবারও তার দর্শনের কথা জানান, ‘আসলে এতে আমার কিছুই বদলায় না। লোকে আমাকে কত নম্বরে রাখল তা আমি কানে তুলি না। ফুটবলের প্রতি আমার ভালোবাসা ও টান থেকেই আমি খেলি। আমি আরও তিন-চার বছর খেলতে পারি, কারণ ফুটবল আমাকে আনন্দ দেয়।’
মেসির এমন নিরহংকার জবাবে ক্যাসানো রসিকতা করে বলেন, ‘তুমি আসলে কিছুই বোঝো না। তোমার জায়গায় যদি আমি থাকতাম; আর আমার যদি এমন খ্যাতি থাকত, তবে আমি সম্ভবত ট্রাম্পকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতাম!’ ক্যাসানোর এ কথায় মেসি হেসেই খুন। মেসি কেবল গল্পই করেননি, ক্যাসানো ও তার পরিবারকে ইন্টার মায়ামির ম্যাচ দেখার আমন্ত্রণও জানান।
ওই সময় ক্যাসানো টিকিট কেনার কথা বললে মেসি মুহূর্তের মধ্যে এক বন্ধুকে ফোন করে পুরো পরিবারের জন্য ‘হসপিটালিটি’ বক্সের টিকিটের ব্যবস্থা করে দেন। ক্যাসানোর ভাষায় এটি ছিল এক ‘অপূর্ব ও অনন্য’ অভিজ্ঞতা। মেসির টানে মায়ামিতে এখন তারকাদের ভিড় লেগেই আছে। সম্প্রতি মেসির সঙ্গে দেখা করেছেন আর্জেন্টিনার ফর্মুলা ওয়ান রেসার ফ্রাঙ্কো কোলাপিন্তো ও বিশ্বখ্যাত কমেডি সিরিজ ‘এল চাভো দেল এইট’-এর অভিনেতা কার্লোস ভিয়াগ্রান





