চার ম্যাচ পর রিয়ালের জয়, দুয়োর জবাবে ক্ষমা চাইলেন ভিনি

গোলের পর ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন ভিনিসিয়ুস। ছবি: সংগৃহীত
জিততেই ভুলে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। লা লিগা আর চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে তারা জয়হীন ছিল টানা চার ম্যাচ। চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের কাছে কোয়ার্টার ফাইনালের দুই লেগই হেরেছে তারা। লা লিগায় মায়োর্কার বিপক্ষে হারের পর, ড্র করেছিল জিরোনার সঙ্গে।
চার ম্যাচের হতাশা কাটিয়ে মঙ্গলবার লা লিগায় আলাভেসকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। এই জয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমেছে ৬ পয়েন্টে। ৩২ ম্যাচে ২৩ জয় ও চার ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
ফল
রিয়াল ২ : ১ আলাভেস
গোল করেছেন এমবাপ্পে ও ভিনিসিয়ুস। ছবি: সংগৃহীত
ম্যাচের শুরুর দিকে কিলিয়ান এমবাপ্পে আর ভিনিসিয়ুস জুনিয়রের পায়ে বল গেলেই দুয়ো দিচ্ছিলেন বার্নাব্যুর দর্শকরা। কারণ এমন বড় নামের তারকা থাকার পরও মৌসুমটা ট্রফিহীন কাটতে চলেছে তাদের। দর্শকদের ক্ষোভটা বুঝেই গোল করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন ভিনিসিয়ুস।
৩০তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। বক্সের বাইরে থেকে নেওয়া এমবাপ্পের শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জড়ায় জালে। এবারের লা লিগায় এটা এমবাপ্পের ২৭ ম্যাচে ২৪তম গোল।
৪৪তম মিনিটে এদের মিলিতাওয়ের শট লাগে ক্রসবারে। এরপর চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মিলিতাওকে। বিরতির আগে যোগ করা সময়ে আলাভেসের মার্তিনেসের শটও ফিরে পোস্টে লেগে।
৫০তম মিনিটে চোখ ধাঁধানো গোলে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস। ফেদেরিকো ভালভের্দের পাস বক্সের বাইরে পেয়ে ২৫ গজ দূর থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন তিনি। গোলের পর দুই হাত উঁচিয়ে দর্শকদের ছে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন ভিনি। যোগ করা সময়ের শেষ মিনিটে মার্তিনেসের গোলে ব্যবধান কমায় আলাভেস।




