১৮ বছরের বিস্ময় বালককে নিয়ে বার্সা-বায়ার্ন-চেলসির কাড়াকাড়ি

নেদারল্যান্ডসের ১৮ বছর বয়সী সেন্টার-ব্যাক রুড নিস্টাড।
ডাচ ফুটবলে রক্ষণভাগের ঐতিহ্য দীর্ঘদিনের। রুড ক্রল, রোনাল্ড কোমান থেকে শুরু করে রুড খুলিত কিংবা বর্তমান সময়ের ভার্জিল ফন ডাইক। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও ডাচ ডিফেন্ডারদের জুড়ি মেলা ভার। সেই তালিকায় যোগ হতে যাচ্ছে নতুন এক নাম- রুড নিস্টাড। ডাচ ক্লাব এফসি টোয়েন্টের এই ১৮ বছর বয়সী সেন্টার-ব্যাককে নিয়ে এখন ইউরোপের ক্লাব পাড়ায় রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়েছে। ‘গোল ডট কম’ জানিয়েছে, রুড নিস্টাডকে পেতে লড়াইয়ে নেমেছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ এবং চেলসির মতো জায়ান্টরা।
২০০৮ সালের ১৭ জানুয়ারি নেদারল্যান্ডসের আলমেলোতে জন্ম নিস্টাডের। ছোট ক্লাব ডেটো থেকে ফুটবল পাঠ শুরু হলেও মাত্র ১১ বছর বয়সে তিনি টোয়েন্টে ও হেরাক্লেসের যৌথ একাডেমিতে যোগ দেন। ১৬ বছর বয়সের আগেই তার প্রতিভা নজর কেড়েছিল এসি মিলান ও জুভেন্তাসের। এমনকি ইতালিতে গিয়ে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রিয় ক্লাব টোয়েন্টের সঙ্গেই পেশাদার চুক্তি সারেন এই তরুণ।
২০২৫ সালের অক্টোবরে হেরাক্লেসের বিপক্ষে ডার্বি ম্যাচে নাটকীয়ভাবে অভিষেক হয় নিস্টাডের। টোয়েন্টের অধিনায়ক রবিন প্রপার ইনজুরিতে পড়লে মাত্র ৮ মিনিটের মাথায় তাকে মাঠে নামতে হয়। সেই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পর সমর্থকদের ভোটে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।নিজের সেই স্মরণীয় মুহূর্ত নিয়ে নিস্টাড বলেন, ‘সেটি ছিল এক চমৎকার দিন। দীর্ঘ সময় ধরে আমি সেই দিনটির জন্য কঠোর পরিশ্রম করেছি। আট বছর ধরে এই একাডেমিতে খেলছি, আর বড় মাঠে নামার স্বপ্ন দেখে আসছি। ডার্বিতে এভাবে হুট করে নামার সুযোগ পাওয়াটা ছিল অবিশ্বাস্য। শুরুতে নার্ভাস থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আমি মানিয়ে নিয়েছি। টোয়েন্টের হয়ে খেলা আমার শৈশবের স্বপ্ন ছিল।’
অভিষেকের পর থেকে নিস্টাডকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এমনকি অভিজ্ঞ অধিনায়ক রবিন প্রপার সুস্থ হয়ে ফিরলেও নিস্টাড নিজের জায়গা ধরে রেখেছেন। আয়াক্সের বিপক্ষে ৩-২ ব্যবধানে হারের ম্যাচে চমৎকার একটি অ্যাসিস্ট করে তিনি নিজের সামর্থ্য জানান দেন। এরপর এপ্রিলে আয়াক্সের বিপক্ষে ফিরতি ম্যাচে ২-১ ব্যবধানের জয়ে তার পারফরম্যান্স ছিল অনবদ্য। গত সপ্তাহে ভলেন্ডামের বিপক্ষে কর্নার থেকে নিজের প্রথম পেশাদার গোলটিও পেয়েছেন।
নেদারল্যান্ডসের অনূর্ধ্ব-১৯ দলেও ইতিমধ্যে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন নিস্টাড। ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহ নিয়ে গুঞ্জন থাকলেও এই তরুণ বর্তমানে টোয়েন্টের রক্ষণভাগ সামলাতেই বেশি মনোযোগী। ফুটবল বিশ্লেষকদের মতে, যেভাবে বার্সেলোনা ,চেলসি আর বায়ার্ন তার ওপর নজর রাখছে, তাতে খুব শীঘ্রই তাকে বড় কোনো লিগে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।




