নিষেধাজ্ঞার শঙ্কা নিয়ে ফিরছেন রাফিনিয়া

৩৫ দিন পর ফিরছেন রাফিনিয়া। ছবি: সংগৃহীত
২৭ মার্চ চোট পেয়েছিলেন রাফিনিয়া। ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে পাওয়া সেই চোটের ৩৫ দিন পর আজ শনিবার ফিরছেন তিনি। ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচটির স্কোয়াডে এই ব্রাজিলিয়ানকে রেখেছেন কোচ হান্সি ফ্লিক।
রাফিনিয়াকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত ফ্লিক। তবে এই ব্রাজিলিয়ানের মাঠে ফেরাটা হবে নিষেধাজ্ঞার শঙ্কা নিয়েই। চারটি হলুদ কার্ড আছে তার। আজ আরও একটি কার্ড দেখলে খেলতে পারবেন না এল ক্লাসিকোয় রিয়ালের বিপক্ষে।
নিষেধাজ্ঞার শঙ্কা থাকলেও রাফিনিয়ার সব ম্যাচে নিজেকে উজাড় করে খেলার যে মানসিকতা, এরই প্রশংসা করেছেন ফ্লিক, ‘ফুটবলারদের চোট স্বাভাবিক। রাফা সব সময় শতভাগ দেয়। এটা তার মানসিকতা, তার মনোভাব। সে আমাদের অনেক সাহায্য করে, কিন্তু এই মৌসুমে ভুগেছে। তাকে ফিরে পাওয়াটা জরুরি। সে ওসানুনার মাঠে যাবে আর আমরা দেখব কী হয়। সে আমাদের অধিনায়ক।’
২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর ওসাসুনার মাঠে ৪-২ গোলে হেরেছিল বার্সেলোনা। সেই ম্যাচের পর আজ প্রথমবার এল সাদরে খেলবে বার্সা। হারের স্মৃতি মনে রেখে ফ্লিক বলেছেন,‘আমার মনে আছে। ওই দিন শুরুর একাদশে অনেক পরিবর্তন এনেছিলাম, এবার সেটা ঘটবে না। ওসাসুনা ভালো খেলছে এবং আগামী বছর তাদের সামনে ইউরোপে খেলার সুযোগ আছে। আমরা এই ম্যাচের জন্য প্রস্তুত।’
বার্সেলোনা আজ জিতলে পৌঁছে যাবে লা লিগা জয়ের দুয়ারে। রবিবার রিয়াল পয়েন্ট হারালেই এল ক্লাসিকোর আগে শিরোপা নিশ্চিত করবে তারা। তবে আপাতত শুধু ওসাসুনা ম্যাচ নিয়েই ভাবতে চান ফ্লিক, ‘আমি শুধু এই ম্যাচ নিয়ে ভাবছি। অন্য কিছু নয়। সব সময়ই সামনের ম্যাচে মনোযোগ দিই আমরা। আপাতত ভাবনায় শুধু এই ম্যাচ।’



