বার্সার অপেক্ষা বাড়াল রিয়াল

জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস। ছবি: সংগৃহীত
উৎসবের অপেক্ষায় ছিল বার্সেলোনা। এসপানিওলের মাঠে রিয়াল মাদ্রিদ হারলে বা ড্র করলেও লা লিগা নিশ্চিত হয়ে যেত তাদের। তবে এসপানিওলকে ২-০ গোলে হারিয়ে বার্সার অপেক্ষাটা বাড়াল রিয়াল। জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।
ফল
এসপানিওল ০ : ২ রিয়াল
৩৪ ম্যাচ শেষে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। পরের সপ্তাহের এল ক্লাসিকোয় ড্র করলেই সান্তিয়াগো বার্নাব্যুতে শিরোপা উৎসবে মাতার সুযোগ পাবে কাতালানরা। আর রিয়াল জিতলে অপেক্ষাটা বাড়বে আরও।
এসপানিওলের মাঠ কর্নেলা এল পার্তে রবিবার রাতে ১৪তম মিনিটে ডিফেন্ডার ফরলাঁ মেন্দিকে হারায় রিয়াল। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৯ ম্যাচ খেলতে পেরেছেন এই ফরাসি লেফট-ব্যাক।
২৩তম মিনিটে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়ুস। ২৫তম মিনিটে তাকে ফাউল করায় প্রথমে লাল কার্ড দেখেন এসপানিওলের ওমর এল হিলালি। ভিএআর দেখে রেফারি হেসুস খিল মানসানো সিদ্ধান্ত বদলে দেন হলুদ কার্ড।
৫৫তম মিনিটে রিয়ালকে এগিয়ে নেন ভিনি। গনসালো গার্সিয়ার সঙ্গে ওয়ান-টু খেলে দুই ডিফেন্ডারকে ছিটকে নিচু শটে করেন ম্যাচের প্রথম গোল।
৬৬তম মিনিটে জুড বেলিংহামের পাসে প্রায় একই রকমভাবে ভিনি করেন দ্বিতীয় গোল। বেলিংহামকে বল দিয়ে দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন তিনি। ব্যাকহিলে বাড়ানো ফিরতি বল পেয়ে জোরাল শটে এবারের লা লিগায় করেন নিজের ১৫তম গোল।



