হকিতে কোটি টাকা নিয়ে হাজির সেইলর

কোটি টাকার স্পন্সর এলো হকিতে। ছবি: সংগৃহীত
মেয়েদের অভাবনীয় সাফল্যের পর হকির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশের অন্যতম পোষাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইপিলিয়ন গ্রুপ। তাদের জনপ্রিয় ব্র্যান্ড সেইলর হাজির কোটি টাকার স্পন্সর নিয়ে। জাপানে ২৯ মে শুরু হবে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ। যেখানে অংশ নেবে বাংলাদেশ নারী ও পুরুষ দল। দল দুটির অফিসিয়াল স্পন্সর হয়েছে সেইলর। রবিবার ফেডারেশনে হয়েছে সমঝোতা চুক্তি স্বাক্ষর।
ক্রীড়া উন্নয়নে অতীতেও বড় অঙ্কের পৃষ্ঠপোষকতা করেছে ইপিলিয়ন গ্রুপ। ২০১৫ সালে বাংলাদেশ ফুটবলের দেশব্যাপী অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ আলোড়ন ফেলেছিল। সে আসরেও বড় অঙ্কের স্পন্সর করে সেইলর। সেখান থেকে বেছে নেওয়া সেরারা পরের বছর দেশকে উপহার দেয় সাফ অনূর্ধ্ব-১৬ শিরোপা।
ইপিলয়ন গ্রুপের কর্ণধার রিয়াজউদ্দিন আল মামুনের সঙ্গে ক্রীড়া যোগ অনেক দিনের। ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক। নিজ জেলা নারায়ণগঞ্জের খেলাধুলা এগিয়ে নিতে নানাভাবে সহায়তা করছেন দীর্ঘদিন। এবার তার প্রতিষ্ঠান হকিতে আগ্রহী হয়েছে এশিয়ান গেমস বাচাইয়ে মেয়েদের দল প্রথম অংশ নিয়েই সাফল্য পাওয়ায়।
হকির সহযোগিতায় এগিয়ে আসার ব্যাখ্যায়, দেশের তরুণ সমাজের উন্নয়নে ইপিলিয়ন গ্রুপের আগ্রহের কথা তুলে ধরেন সেইলর-এর চিফ এক্সিকিউটিভ অফিসার রেজাউল কবির, ’বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ও পুরুষ হকি দল আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। এই যাত্রায় তাদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইপিলিয়ন গ্রুপ ও সেইলর সবসময় সম্ভাবনাময় তরুণদের উৎসাহিত করায় বিশ্বাসী। এই স্পন্সরশিপ শুধু আর্থিক সহায়তা নয়, এটি বাংলাদেশের ক্রীড়া ভবিষ্যতের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন।‘
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইপিলিয়ন গ্রুপের প্রতি। একই সঙ্গে ছেলেদের হকির উন্নয়ন সহযোগি হতে ইপিলিয়ন গ্রুপকে অনুরোধ জানিয়েছেন।



