সাগরে আবারও একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

সংগৃহীত ছবি
বৈশ্বিক উত্তেজনার মধ্যেও থেমে নেই উত্তর কোরিয়া। একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে দেশটি।
আজ রবিবার উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল সংলগ্ন সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। এ নিয়ে চলতি বছর সপ্তম এবং এপ্রিলে চতুর্থবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল দেশটি।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয় আজ সকালে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের সিনপো শহরের কাছে। নজরদারি জোরদারসহ যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে তথ্য বিনিময় করছে দেশটি।
এ ঘটনার পর জরুরি নিরাপত্তা বৈঠক হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ে।
জাপান জানিয়েছে, কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের কাছে পড়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিষিদ্ধ। এ ধরনের পরীক্ষা বিবেচিত হয় ওই প্রস্তাবের লঙ্ঘন হিসেবে। তবে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন এই দেশটি। এটি তাদের আত্মরক্ষার সার্বভৌম অধিকারের পরিপন্থি বলে জানায়।
আগামী মে মাসের মাঝামাঝি সময়ে একটি শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে চীন ও যুক্তরাষ্ট্র। সেখানে উত্তর কোরিয়া নিয়ে আলোচনা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং। এর আগেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।
গত বুধবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতায় অনেক দূর এগিয়ে গেছে উত্তর কোরিয়া। সম্ভবত একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র চালু হয়েছে দেশটিতে।
গত মাসের শেষ দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘোষণা দেন, তার দেশ এখন স্থায়ীভাবে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। জাতীয় নিরাপত্তার জন্য পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা ছাড়া কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
সূত্র: আলজাজিরা



