ইরানি তেল কেনায় চীনা কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা ক্ষুব্ধ বেইজিংয়ের

সংগৃহীত ছবি
ইরানের তেল কেনার অভিযোগে কয়েকটি চীনা প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে আবারও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা।
চীন বলছে, অন্য দেশের ওপর নিজের আইন চাপিয়ে দিতে চাইছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপকে অন্যায্য বলে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে তারা। এমনকি পাল্টা পদক্ষেপ নিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ও। জারি করা হয়েছে একটি নিষেধাজ্ঞামূলক আদেশ। এর লক্ষ্য, মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব ঠেকানো।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানাচ্ছে, ইরানি তেল কেনার অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পাঁচটি চীনা কোম্পানির ওপর— হেংলি পেট্রোকেমিক্যাল (ডালিয়ান) রিফাইনারি, শানডং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ, হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ, শওগুয়াং লুচিং পেট্রোকেমিক্যাল এবং শানডং শেংক্সিং কেমিক্যাল।
বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে ইরানের তেল রপ্তানি কমাতে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের কারণে বাড়ানো হয়েছে এই চাপ।
অন্যদিকে, বিশ্বের অন্যতম বড় জ্বালানি আমদানিকারক দেশ চীন। কম দামে তেল কিনতে আগ্রহী তারা। তাই অনেক সময় ইরান থেকেও তারা তেল কেনে বলে রয়েছে অভিযোগ।
এই নিষেধাজ্ঞার ফলে প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। ওঠানামা করতে পারে তেলের দাম। এছাড়া চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কেও নতুন করে তৈরি হতে পারে চাপ।
তবে চীনের নিষেধাজ্ঞামূলক আদেশ কীভাবে বাস্তবায়ন করা হবে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।



