যুদ্ধবিরতির খবরে বিশ্বের তেলের বাজারে স্বস্তি

প্রতীকী ছবি
যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানও রাজি তাতে। এমন খবর আসতেই স্বস্তি ফিরতে শুরু করেছে বিশ্বের তেলের বাজারে।
জ্বালানি তেলের দাম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট অয়েলপ্রাইস ডট কমের তথ্য বলছে, বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে মার্কিন অপরিশোধিত তেল বা ডাব্লিউটিআই ক্রুডের দাম ১৪.৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৬ দশমিক ৬৪ ডলারে। একই সময়ে বিশ্বের প্রধান প্রধান অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম কমেছে ১৪ দশমিক ১৭ ডলার যা শতাংশের হিসেবে ১২.৯৭ শতাংশ। এর মাধ্যমে ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৯৫.১০ ডলারে।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের অ্যালেক্স হোমস বলছেন, বাজার চাঙ্গা হয়েছে; কমে এসেছে তেলের দাম। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকবে কি না টা পুরোপুরি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তার ভাষ্য, ইসরায়েল, ইরান ও অন্য পক্ষগুলো কেমন প্রতিক্রিয়া দেখায় সেটাই দেখার বিষয়। বাজারগুলো এখনো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
অস্ট্রেলিয়াভিত্তিক শীর্ষ স্টক বিশ্লেষক প্রতিষ্ঠান এমএসটি মার্কির বিশ্লেষক সল কাভোনিকের ধারণা, শান্তি চুক্তি হলেও ভবিষ্যতে হরমুজ প্রণালি বন্ধে ঘন ঘন হুমকি দিতে পারে ইরান। বাড়তি এই ঝুঁকির বিষয়টি বিবেচনায় থাকবে বাজারের।
যুদ্ধবিরতির খবরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে এশিয়ার শেয়ারবাজারেও। উল্লেখযোগ্যভাবে বেড়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ার সূচক। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে; দক্ষিণ কোরিয়ার কসপি সূচক বেড়েছে ৫ দশমিক ৫ শতাংশ।



