ফিলিস্তিনপন্থী কিছু বিক্ষোভ নিষিদ্ধের ইঙ্গিত স্টারমারের

সংগৃহীত ছবি
ফিলিস্তিনপন্থী কিছু বিক্ষোভ নিষিদ্ধ করা হতে পারে এবং ‘গ্লোবালাইজ দ্য ইন্তিফাদা’ স্লোগান ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, ‘ইহুদিবিদ্বেষী ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটে সরকার এই কঠোর পদক্ষেপের বিষয়টি বিবেচনা করছে।’
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টারমার বলেছেন, ‘‘আমি মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ বিক্ষোভের বড় সমর্থক। কিন্তু ‘গ্লোবালাইজ দ্য ইন্তিফাদা’র মতো স্লোগান একেবারেই গ্রহণযোগ্য নয়।’’
তিনি আরও বলেছেন, ‘এ ধরনের বিষয়ে অবশ্যই আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’
কিছু বিক্ষোভ পুরোপুরি নিষিদ্ধ করা হতে পারে কি না এমন প্রশ্নে স্টারমার বলেছেন, ‘কিছু ক্ষেত্রে সেটি উপযুক্ত হতে পারে।’
মেট্রোপলিটন পুলিশের কমিশনার স্যার মার্ক রাউলি বলেছেন, ‘এ স্লোগান ব্যবহারকারীরা গ্রেপ্তার হতে পারেন।’
গত বুধবার উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তির ওপর ছুরিকাঘাতের ঘটনার পর এই মন্তব্য করেন স্টারমার। এ ঘটনায় সোমালিয়ান বংশোদ্ভূত ৪৫ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিককে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে তোলা হয়েছে।
ঘটনাস্থল ও একটি ইহুদি স্বেচ্ছাসেবী অ্যাম্বুলেন্স সেবা পরিদর্শনে গেলে স্থানীয়দের একাংশ স্টারমারকে লক্ষ্য করে দুয়োধ্বনি দেন এবং ইহুদি সম্প্রদায়কে রক্ষায় ব্যর্থতার অভিযোগ তোলেন।
এদিকে ফিলিস্তিনপন্থী আন্দোলনের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের অবস্থান নিয়েও সমালোচনা রয়েছে। গত মাসে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে লন্ডনে আয়োজিত এক সমাবেশ থেকে পুলিশ ৫০০-র বেশি মানুষকে গ্রেপ্তার করে।



