ট্রাম্পের ডাকে সাড়া দিল না জার্মানি

ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ জার্মানি। বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি সামরিক শক্তি দিয়ে খোলা রাখার প্রক্রিয়ায়ও যুক্ত হবে না দেশটি। একই অবস্থানের কথা জানিয়েছে গ্রিস।
আজ সোমবার (১৬ মার্চ) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তার আশা হরমুজ প্রণালি বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়া দেশগুলো গুরুত্বপূর্ণ এই জলপথ খোলা রাখতে যুদ্ধজাহাজ পাঠাবে। সামরিক জোট ন্যাটোরও ভূমিকা প্রত্যাশা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করলে হামলা চালানো হবে— ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার পর এ ঘোষণা দেয় তেহরান।
ইরানে যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই। জার্মানি যুদ্ধ বা সামরিক উপায়ে হরমুজ প্রণালি খোলা রাখার কোনো চেষ্টায় যোগ দেবে না বলে জানিয়েছে জার্মান সরকারের একজন মুখপাত্র।
এদিকে গ্রিসও হরমুজ প্রণালিতে কোনো সামরিক তৎপরতায় জড়াবে না বলে জানিয়েছেন গ্রিস সরকারের মুখপাত্র পাভলোস মারিনাকিস।

