আগামীর সময়

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করছে স্পেন

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করছে স্পেন

সংগৃহীত ছবি

স্পেন সরকার ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। প্রকাশিত রাষ্ট্রীয় গেজেট থেকে বুধবার এ  তথ্য জানা গেছে।

গাজায় ইসরায়েলের ‘গণহত্যামূলক যুদ্ধ’ এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী নতুন যুদ্ধের অন্যতম কঠোর সমালোচক হিসেবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে স্পেন সামনের সারিতে রয়েছে। এমন প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত এলো।

গেজেটে বলা হয়, ‘পররাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও সহযোগিতা মন্ত্রীর প্রস্তাবের ভিত্তিতে এবং ১০ মার্চ ২০২৬ তারিখে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর আমি স্পেনের রাষ্ট্রদূত হিসেবে ইসরায়েল রাষ্ট্রে নিযুক্ত আনা মারিয়া সালোমন পেরেজের নিয়োগ সমাপ্ত করার নির্দেশ দিচ্ছি।’

রয়টার্সের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, তেল আবিবে স্পেনের দূতাবাস আপাতত একজন চার্জ দ্য অ্যাফেয়ার্সের নেতৃত্বে পরিচালিত হবে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপের অল্প কয়েকজন বামপন্থী নেতার একজন, যিনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান হামলাকে ‘অন্যায্য’ বলে নিন্দা করেছেন এবং বলেছেন, মাদ্রিদের অবস্থান হলো ‘যুদ্ধের বিরুদ্ধে’।

সানচেজ সরকার গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধেও ধারাবাহিকভাবে নিন্দা জানানো ইউরোপের কয়েকটি দেশের অন্যতম। গত অক্টোবর স্পেনের পার্লামেন্ট ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আইনে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয়, যার মাধ্যমে অস্ত্র, দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম বিক্রি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়।

    শেয়ার করুন: