সড়ক নিরাপত্তায় কঠোর হচ্ছে পর্তুগাল সরকার

সংগৃহীত ছবি
পর্তুগালে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের জরিমানার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির অভ্যন্তরীণ প্রশাসন মন্ত্রণালয় (এমএআই)।
মূলত মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং অতিরিক্ত গতিরোধ করতেই নেওয়া হচ্ছে এই পদক্ষেপ।
যদিও বর্ধিত জরিমানার সঠিক পরিমাণ এখনো করা হয়নি ঘোষণা। তবে সরকারের উদ্দেশ্য স্পষ্ট, চালকদের আচরণের পরিবর্তন ঘটিয়ে চিরতরে দূর করা সড়কে নিরাপত্তাহীনতার এই উপদ্রব।
আইন প্রয়োগের কার্যকারিতা বাড়াতে আরও কিছু কঠোর ব্যবস্থা বিবেচনা করছে দেশটির সরকার। এর মধ্যে অন্যতম হলো চেকপয়েন্ট অভিযানে দেওয়া অগ্রিম বিজ্ঞপ্তি দেওয়া বন্ধ করা।
বর্তমানে অনেক চালক সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্যান্য উপায়ে এই অভিযানের খবর পেয়ে সুযোগ পান চেকপয়েন্ট এড়িয়ে যাওয়ার।
পর্তুগাল সরকারের এই নতুন উদ্যোগটি তাদের ‘ভিশন জিরো ২০৩০’ কৌশলের অংশ। এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির হার অন্তত ৫০ শতাংশ কমিয়ে আনা।
তবে অভ্যন্তরীণ প্রশাসন মন্ত্রণালয় স্বীকার করেছে, শুধু শাস্তির মাধ্যমে রোধ করা সম্ভব নয় সড়ক দুর্ঘটনা। এর জন্য জরুরি পরিকাঠামোর উন্নয়নও।
এ লক্ষ্যে জাতীয় সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ (এএনএসআর) এবং ‘ইনফ্রাএস্ট্রুতুরাস দে পর্তুগাল’-এর মধ্যে স্বাক্ষরিত হয়েছে একটি চুক্তি। এই চুক্তির আওতায় বিনিয়োগ করা হবে দেশটির জাতীয় সড়ক নেটওয়ার্কের উন্নয়নে ২২৪ মিলিয়ন ইউরো।



