এটা আমাদের যুদ্ধ নয়: ব্রিটিশ প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি
ইরান যুদ্ধ ব্রিটেনের যুদ্ধ নয় উল্লেখ করে এতে সরাসরি জড়িয়ে পড়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাজ্য ইরানে কোনো সেনা পাঠাবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।
সোমবার সকালে সাংবাদিকদের উদ্দেশে স্টারমারের ভাষ্য, ‘এটা আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়িয়ে পড়ব না।’ তবে লন্ডন ব্রিটিশ নাগরিকদের জীবন ও স্বার্থ রক্ষা এবং মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর সুরক্ষায় কেবল ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
স্টারমার আরও জানান, হরমুজ প্রণালী পুনরায় জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করতে প্রচেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাজ্য।
তবে তিনি স্পষ্ট ভাবে উল্লেখ করেন, ‘আমরা এই যুদ্ধে কোনোভাবেই পা দিচ্ছি না।’
স্টারমার সরাসরি সেনা পাঠাবেন না বললেও, কৌশলগতভাবে এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তার দেশ। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ইরানি লক্ষ্যবস্তুগুলোতে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটি। সেইসঙ্গে ইরানের ছোড়া ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে মধ্যপ্রাচ্যে আকাশপথে যুদ্ধবিমানও মোতায়েন করেছে তারা।

