ন্যাটো নিয়ে ট্রাম্পের মন্তব্যে কড়া জবাব স্টারমারের

সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ন্যাটো ছেড়ে যাওয়ার কথা ভাবছেন বলে ইঙ্গিত দেওয়ার পর, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ন্যাটোকে ‘বিশ্বের এযাবৎকালের সবচেয়ে কার্যকর সামরিক জোট’ হিসেবে আখ্যা দিয়ে এর পক্ষ সমর্থন করেছেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের ঐতিহাসিক সামরিক সম্পর্ক পরিবর্তন হচ্ছে কি না এমন প্রশ্নে স্টারমার উত্তর দেন, ‘ন্যাটো আমাদের দীর্ঘ সময় ধরে সুরক্ষা দিয়ে আসছে। আমার বা অন্যদের ওপর যতই চাপ আসুক না কেন, আমার সকল সিদ্ধান্তই ব্রিটিশ নাগরিকদের স্বার্থেই নিয়ে থাকি। আর এ কারণেই আমি পুরোপুরি নিশ্চিত, এটা আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়াবো না।’
বুধবার সকালে সংবাদ সম্মেলনে স্টারমার এসব কথা মন্তব্য করেন।
‘তবে প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যতের ক্ষেত্রে ইউরোপের সঙ্গে আমাদের আরও ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে হবে, আমি এ ব্যাপারেও সমানভাবে নিশ্চিত’, যোগ করেন তিনি।
ইরানের সঙ্গে যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ন্যাটোর সদস্যপদ পুনর্বিবেচনা করবে কিনা, টেলিগ্রাফের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সামরিক জোটটিকে ‘কাগুজে বাঘ’ বলে উড়িয়ে দেওয়ার পরই স্টারমারের এই মন্তব্য এলো।
ট্রাম্প সাক্ষাৎকারে ইরান যুদ্ধে জড়িত হতে অস্বীকৃতি জানানোর জন্য স্টারমারের সমালোচনাও করেন। তিনি মন্তব্য করেন, ব্রিটেনের নৌবাহিনী মানসম্মত নয়।

