‘অন্যায্য’ ইরান যুদ্ধে ঘাঁটি দেবে না স্পেন

সংগৃহীত ছবি
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের সঙ্গে সম্পর্কিত কোনো কর্মকাণ্ডে স্পেন তাদের সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি এবং দেবে না বলে সোমবার জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। তিনি জানান, স্পেন এই যুদ্ধকে ‘গভীরভাবে অন্যায্য’ বলে মনে করে।
স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলে অবস্থিত দেশটির সামরিক ঘাঁটিগুলোর প্রসঙ্গ টেনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে মার্গারিতা রোব্লেসের ভাষ্য, ‘আমরা অনুমতি দেব না, শুরু থেকেই আমরা এটি বলে আসছি—ইরানের যুদ্ধে সংশ্লিষ্ট কোনো পদক্ষেপের জন্য মোরোন ও রোতা ঘাঁটির ব্যবহার আমরা অনুমোদন করব না।’
রোব্লেস জোর দিয়ে উল্লেখ করেন, ‘স্পেন এটি করেনি, করছে না, এবং করবে না—মোরোন ও রোতা ঘাঁটি ব্যবহার করে এমন কোনো যুদ্ধে অংশ নিতে, যেটিতে আমরা বিশ্বাস করি না, যেটিকে আমরা গভীরভাবে অবৈধ এবং গভীরভাবে অন্যায্য মনে করি।’
ফেব্রুয়ারি ২৮ তারিখে সংঘাত শুরুর পর থেকেই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের কড়া সমালোচক হিসেবে স্পেন সরব রয়েছে।
স্পেন সরকার বারবার যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করেছে এবং ধারাবাহিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছে।
এর আগে ট্রাম্প স্পেনের অবস্থানের প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া জানান, দেশটির নেতৃত্বকে উপহাস করেন এবং ন্যাটোর এই মিত্র দেশের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার ওপর জোর দেন।

