ভারতের সঙ্গে ইউরেনিয়াম সরবরাহের চুক্তি কানাডার

ফাইল ছবি
দীর্ঘমেয়াদে ভারতকে ইউরেনিয়াম সরবরাহের একটি চুক্তিতে সই করেছে কানাডা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দিল্লিতে এক বৈঠকের পরে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।
এর আগে সোমবার সকালে ভারত আর কানাডা ১০ বছর মেয়াদি, প্রায় তিনশ কোটি মার্কিন ডলার মূল্যের এই ইউরেনিয়াম সরবরাহের চুক্তিটি সই করতে যাচ্ছে বলে জানায় বিবিসি।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইউরেনিয়াম সরবরাহকারী দেশ কানাডা। দেশটি অবশ্য ২০১৩ সাল থেকেই ভারতকে ইউরেনিয়াম সরবরাহ করে যাচ্ছে। সাম্প্রতিক যে চুক্তিটি সই করা হয়েছে, সেই ইউরেনিয়াম সরবরাহ করবে বিশ্বের অন্যতম বৃহৎ ইউরেনিয়াম জ্বালানি প্রস্তুতকারক সংস্থা ‘ক্যমেকো’।
বিবিসি জানিয়েছে, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে পড়ে ভারতকে এখন ইউরেনিয়াম, তেল, গ্যাস আর কয়লার মতো জ্বালানির বিকল্প উৎসের খোঁজ করতে হচ্ছে। সেই সূত্রেই কানাডার প্রধানমন্ত্রীর এই ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ইউরেনিয়াম ছাড়াও তেল আর গ্যাস আমদানির জন্যও ভারতের সঙ্গে কানাডার চুক্তি সই হচ্ছে এই সফরে। জ্বালানি ক্ষেত্র ছাড়াও প্রতিরক্ষা, শিক্ষাসহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা চুক্তি সই হয়েছে দুটি দেশের মধ্যে।
দিল্লিতে যৌথ সংবাদ সম্মেলনে মার্ক কার্নি ঘোষণা করেছেন, এ বছরের মধ্যেই অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার দিকে এগোচ্ছে দুটি দেশ। গত প্রায় ১৫ বছর ধরে দেশ দুটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে।

