তুরস্কে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ইরানকে হুঁশিয়ারি এরদোয়ানের

ফাইল ছবি
তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
আজ সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে ইরানকে সর্তক করেন দেশটির প্রেসিডেন্ট। খবর আল-জাজিরা।
যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে তুরস্ক প্রেসিডেন্ট বলেন, আজ তুরস্কে দ্বিতীয়বারের মতো একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশসীমায় প্রবেশ করেছে। পরে এটি ভূপাতিত করেছে ন্যাটোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
সতর্ক করে এরদোয়ান বলেছেন, এখনও ভুল ও উসকানিমূলক পদক্ষেপ নিতে থাকছে ইরান।
তুর্কি প্রেসিডেন্ট মনে করেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা তার দেশের সঙ্গে ইরানের ‘হাজার বছরের প্রতিবেশীসুলভ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের’ ওপর ছায়া ফেলতে পারে।
সোমবার উত্তর সাইপ্রাসে ছয়টি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান মোতায়েন করার পর আঙ্কারা আরও অতিরিক্ত পদক্ষেপ নিতে থাকবে— জানালেন এরদোয়ান
উল্লেখ্য, সাইপ্রাসের উত্তর দিক ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত একটি কার্যত স্বঘোষিত রাষ্ট্র, যাকে কেবল তুরস্ক স্বীকৃতি দেয়। আর আন্তর্জাতিক সম্প্রদায় দ্বীপটির বাকি অংশকে রিপাবলিক সাইপ্রাস হিসেবে স্বীকৃতি দেয়।

