মমতাকে ভোটে হারানোয় পিএসকে হত্যা, দাবি শুভেন্দুর

শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএস) হওয়ার কারণেই হত্যা করা হয়েছে চন্দ্রনাথ রথকে। এমনই দাবি করলেন শুভেন্দু।
আজ বৃহস্পতিবার বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বললেন, ‘একজন নিষ্পাপ, শিক্ষিত তরুণকে শুধু ব্যক্তিগত সহকারী হওয়ার কারণে খুন করা হয়েছে। ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি বলে তৈরি হয়েছে এই আক্রোশ।’
শুভেন্দুর দাবি, নিহত চন্দ্রনাথের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল না। তিনি সরাসরি রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন না।
তার কথায়, চন্দ্রনাথের একমাত্র অপরাধ শুভেন্দু অধিকারীর সহায়ক হিসেবে কাজ করা। সেই কারণেই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে।
চন্দ্রনাথের মৃত্যুকে ‘ব্যক্তিগত ক্ষতি’ বলেও উল্লেখ করেন শুভেন্দু। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি চান তিনি।
শুভেন্দু বলছেন, ‘ঠাণ্ডা মাথায় রেকি করে এই খুন করা হয়েছে। তদন্তকারীদের কাছে আমার আবেদন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।’
বৃহস্পতিবার দুপুরে বারাসতে শুভেন্দুর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও জ্যোতির্ময় সিংহ মাহাতো।




