পশ্চিমবঙ্গ
জনতার মধ্যে হবে নতুন সরকারের শপথ

সংগৃহীত ছবি
কলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দানে হবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। এ লক্ষ্যে আজ বুধবার ময়দান ঘুরে দেখেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। কোথায় সভামঞ্চ হবে, কোথায় দর্শকরা বসবেন— করেন তার পরিকল্পনা।
পঁচিশে বৈশাখ হবে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান— জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুজনই উপস্থিত থাকবেন ব্রিগেডের সভামঞ্চে। এর আগে পুলিশের এই ময়দান পরিদর্শন।
বুদ্ধদেব ভট্টাচার্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়— দুজনই শপথগ্রহণ করেছিলেন রাজভবনে। কিন্তু বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী ব্রিগেডের মঞ্চে শপথগ্রহণ করবেন বলে ঠিক করা হয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানে আসার কথা বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের। তার মধ্যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা থাকবেন বলে দলীয় সূত্রের খবর।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মোদি, অমিত শাহর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের মতো ক্যাবিনেটের শীর্ষ মন্ত্রীরা উপস্থিত থাকবেন।
সূত্র বলছে, ব্রিগেডের সভামঞ্চে শপথগ্রহণ অনুষ্ঠান হলে ১০ লাখ মানুষ এতে উপস্থিত হতে পারবেন। আর বিজেপিও চাইছে নতুন সরকার শপথগ্রহণ করুক মানুষের মধ্যে। তাহলে বিধায়ক ও মন্ত্রীরাও মানুষের প্রত্যাশাটা বুঝতে পারবেন। সবকিছু ঠিকঠাক থাকলে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন শুভেন্দু অধিকারী। এ ছাড়া শপথগ্রহণ অনুষ্ঠানে দিলীপ ঘোষ, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল ও সজল ঘোষ মন্ত্রী পদে শপথ নেবেন। পরে মন্ত্রীদের একে একে দায়িত্ব ও দপ্তর বণ্টন করবেন মুখ্যমন্ত্রী।
আজ কলকাতা পুলিশের তরফ থেকে ব্রিগেডের সভামঞ্চের জন্য অনুমতি চাওয়া হয়েছে এর নিয়ন্ত্রক সংস্থা সেনাবাহিনীর। ব্রিগেডের সব মঞ্চের দূরেই থাকছে হেলিপ্যাড। কেন্দ্রীয় মন্ত্রীরা সোজা দমদম বিমানবন্দর থেকে যাতে ওই হেলিপ্যাডে নামতে পারেন, থাকছে সে ব্যবস্থা। নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য সাজসাজ রব পড়েছে ব্রিগেডে।



