পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ ৯১ লাখ, বেশিরভাগই মুসলিম অধ্যুষিত জেলার

সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন। দুই দফায় তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৯১ লাখ নাম। বাদ পড়া বেশিরভাগ ভোটারই রাজ্যের মুসলিম অধ্যুষিত জেলার। স্থানীয় সময় গতকাল সোমবার (৬ এপ্রিল) গভীর রাতে বাদ পড়া নামের তালিকা প্রকাশ করে কমিশন। এরপরই রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষোভ।
দ্বিতীয় দফায় মোট ৬০ লাখ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের যাচাই শেষে বাদ পড়েন ২৭ লাখ ১৬ হাজার ৩৯৩ জন। অন্যদিকে, যাচাই শেষে ভোটার তালিকায় নাম ওঠে ৩২ লাখ ৬৮ হাজার ১১৯ জনের। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশ হওয়া তালিকা থেকে বাদ পড়েছিলেন ৬৩ লাখ ৬৬ হাজার ৯৫২ জন। দুই ধাপের যাচাই শেষে মোট বাদ পড়ার সংখ্যা দাঁড়াল ৯০ লাখ ৮৩ হাজার ৩৪৫ জনে।
নির্বাচন কমিশনের বরাতে ভারতীয় বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার নিশ্চিত করেছে, বিবেচনাধীন তালিকায় থাকা ৬০ লাখ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের মধ্যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে ৫৯ লাখ ৮৪ হাজার ৫১২ জনের। বাকি ২২ হাজার ১৬৩ জন ভোটারের নামের যাচাই সম্পন্ন হয়ে গেলেও সেগুলিতে স্বাক্ষর করা হয়নি। ওই প্রক্রিয়া শেষ হলে আরও কিছু নাম যুক্ত হতে পারে বাদ পড়া নামের তালিকায়। সেক্ষেত্রে ভোটার তালিকাতেও সংযুক্ত হতে পারে আরও কিছু নাম।
কমিশনের দাবি, নাম, জন্ম, মৃত্যু, বা স্থানান্তরজনিত কারণের তথ্যগত অসঙ্গতি থাকায় বাদ দেওয়া হয়েছে এই নামগুলো। যাদের নাম বাদ গেছে তারা আপিল ট্রাইবুনালে আবেদন করতে পারবেন বলে জানিয়েছে কমিশন।
তবে প্রশ্ন উঠেছে সঠিক সময়ে নিষ্পত্তি নিয়ে। বর্তমানে বিচারাধীন মামলাগুলো এই দফার নির্বাচনে কার্যকর হবে না, সেগুলি পরবর্তী সময়ে বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছে কমিশন। অনেকেই আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে আছেন অনিশ্চয়তায়। আগামী ২৩ থেকে ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট।
এদিকে ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক নাম যাওয়ায় বিক্ষোভ শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এই বিষয়ে অভিযোগ তুলছে প্রশাসনিক গাফিলতির। তাদের দাবি, নাম বাদ পড়েছে বহু বৈধ ভোটারের। পাকিস্তানের সঙ্গে কার্গিল যুদ্ধে অংশ নেওয়া সেনা থেকে শুরু করে সাবেক সরকারি কর্মকর্তাদের নামও বাদ পড়েছে তালিকা থেকে।
কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, যাচাই শেষে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়। ওই জেলায় বিবেচনাধীন ভোটারদের মধ্যে নাম বাদ পড়েছে ৪ লাখ ৫৫ হাজার ১৩৭ জনের। এরপর উত্তর ২৪ পরগনায় বাদ পড়েছে ৩ লাখ ২৫ হাজার ৬৬৬ জনের নাম । মালদহে এই সংখ্যাটা ২ লাখ ৩৯ হাজার ৩৭৫।
এই তিনটি জেলা বিশেষ করে মুর্শিদাবাদ মুসলিম সংখ্যাগরিষ্ঠ। গত তিন বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে, মুসলিমসহ সংখ্যালঘু ভোটাররা মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছেন। ক্ষমতাসীন দলটির অভিযোগ, বিশেষ সম্প্রদায়কে লক্ষ্য বানিয়ে করা হয়েছে এ তালিকা।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর কাজ শুরু করে দেশটির নির্বাচন কমিশন। যাচাই তালিকা হওয়ার আগে রাজ্যের ভোটার তালিকায় নাম ছিল ৭ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার ৫২৯ জনের।
এসআইআর-এর খসড়া তালিকায় বাদ পড়েন ৫৮ লাখ ২০ হাজার ৮৯৯ জন ভোটার। গত ২৮ ফেব্রুয়ারি প্রথম পর্বের চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ে আরও ৫ লাখ ৪৬ হাজার ৫৩ জনের নাম। বিবেচনাধীন তালিকায় ছিল ৬০ লাখ ৬ হাজার ৬৭৫ জনের নাম।
জেলা অনুযায়ী যাচাই তালিকা প্রকাশ হওয়ার আগে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ছিল মোট ৬ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ৬০৯ জনের নাম। যাচাই সম্পন্ন হওয়ায় এই তালিকায় নতুন যুক্ত হলো আরও ৩২ লাখ ৬৮ হাজার ১১৯ জনের নাম।



