কলকাতায় ফল বিক্রেতাকে ‘বাংলাদেশি’ বলে হেনস্তার অভিযোগ

সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর বিচ্ছিন্নভাবে রাজনৈতিক উত্তেজনাকর ঘটনা ঘটছে রাজ্যের কিছু স্থানে। সম্প্রতি অভিযোগ উঠেছে, কলকাতাসংলগ্ন নিউটাউনের বাগুইআটি এলাকায় এক ফল বিক্রেতাকে বাংলাদেশি নাগরিক বলে হেনস্তা করার।
ঘটনাটি ঘটেছে তেঘরিয়ার লোকনাথ মন্দিরসংলগ্ন এলাকায়। যদিও এ নিয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। তবে এ ঘটনার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙড়ের ভগবানপুর এলাকার গুছুড়িয়ার বাসিন্দা এনামুল ইসলাম দীর্ঘদিন ধরেই ওই এলাকায় ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। শুক্রবার স্থানীয় এক রিকশাচালক এনামুলকে চা খাওয়ান। কথাবার্তার একপর্যায়ে রিকশাচালক জানান, ৪ মে ভোটের ফল প্রকাশের পর তৃণমূল জিতলে তিনি মিষ্টি খাওয়াবেন। এরপর তিনি তৃণমূলের পক্ষে স্লোগান দেন।
এনামুল বারবার বলতে থাকেন তিনি ভারতীয় নাগরিক এবং বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি
অভিযোগ, সেই স্লোগান শুনে আকাশ নামে এক যুবক সেখানে এসে প্রথমে ওই রিকশাচালককে মারধর করে তাড়িয়ে দেন। এরপর তিনি এনামুলের ওপর চড়াও হন; তাকে ধাক্কাধাক্কি করতে থাকেন এবং নাম, বাবার নাম ও ঠিকানা জানতে চান। পাশাপাশি এনামুল কবে বাংলাদেশ থেকে এসেছেন সেই প্রশ্ন তোলেন।
ঘটনাস্থলে উপস্থিতরা জানান, এনামুল বারবার বলতে থাকেন তিনি ভারতীয় নাগরিক এবং বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। অভিযোগ, এনামুলকে পাকিস্তান বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
ঘটনার পর আতঙ্কে রয়েছেন এনামুল। তার কথায়, ‘এ ঘটনার পর আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।‘
৪ মে ভোটের ফল প্রকাশের পর পরিস্থিতি কী হবে, তা নিয়েও আশঙ্কা রয়েছে তার। এমনকি ভবিষ্যতে ওই এলাকায় গিয়ে তিনি ব্যবসা করতে পারবেন কি না, তা নিয়েও সন্দিহান। তিনি বলেছেন, ‘মুসলিম পরিচয়ের জন্যই আমাকে হেনস্তা করা হয়েছে। ভয়েই পুলিশের কাছে অভিযোগ করতে পারিনি।‘
এ ঘটনার রেশ না কাটতেই শনিবার আরও একটি একই ধরনের অভিযোগ সামনে এসেছে।
ভাঙড়ের জিরেনগাছা এলাকার সবজি বিক্রেতা সাদ্দাম হোসেন বাগুইআটি এলাকায় রিকশায় করে সবজি বিক্রি করতে গেলে তাকেও হেনস্তার শিকার হতে হয়েছে বলে অভিযোগ।



